লন্ডন অলিম্পিকের পর্দা তুলবেন ‘জেমস বন্ড’ ক্রেইগ
বিখ্যাত ব্রিটিশ গুপ্তচর ‘জেমস বন্ড’-এর হালের অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ ২০১২ সালের অলিম্পিক গেমস উদ্বোধনের মিশনে নামছেন। জেমস বন্ড বেশে লন্ডন অলিম্পিক আসরের পর্দা তুলবেন ৪৪ বছর বয়সী এই বন্ড-তারকা। ইতিমধ্যেই ক্রেইগ ও অস্কারজয়ী চিত্রনির্মাতা ড্যানি বয়েলকে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরির জন্য বলেছেন খোদ রানি এলিজাবেথ। এই ছবির মাধ্যমেই চলতি বছরের জুলাই মাসে অলিম্পিক আসরের উদ্বোধনের পরিকল্পনা করা হচ্ছে।সম্প্রতি ক্রেইগ ও বয়েলকে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানানো হয়েছিল ছবিটির শুটিংয়ের জন্য। ছবির ছোট একটি চরিত্রে অভিনয়ের সম্ভাবনা আছে রানি এলিজাবেথেরও।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘দ্য সান’ জানিয়েছে, ছবিটি প্রযোজনা করছে বিবিসি আর পরিচালনার দায়িত্বে আছেন ড্যানি বয়েল। বাকিংহাম প্যালেসে শুটিংয়ের অনুমতি পাওয়াই কেবল নয়, ছবির সঙ্গে রানির সংশ্লিষ্টতার বিষয়টি বয়েল ও বিবিসির জন্য বিশাল একটি অর্জন।সূত্রটি আরও জানিয়েছে, ২৭ জুলাই ঘরে বসে কিংবা মাঠে গিয়ে যাঁরা এ ছবি দেখবেন, তাঁরা দারুণ এক অভিজ্ঞতা অর্জন করবেন। মাস খানেক ধরে বিভিন্ন সরঞ্জাম জোগাড়সহ ছবির দৃশ্য ধারণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এটা মোটেও সহজ কোনো কাজ ছিল না। তবে কাজ শেষ হলে এটা দেখার মতো একটি ছবিই হবে। হেলিকপ্টার থেকে প্যারাশুট নিয়ে পূর্ব লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে ঝাঁপিয়ে পড়তেও দেখা যাবে ক্রেইগকে।উল্লেখ্য, ড্যানিয়েল ক্রেইগ অভিনীত বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’ মুক্তি পাচ্ছে চলতি বছরের অক্টোবর মাসে। ১৯৬২ সালে মুক্তি পেয়েছিল শন কনোরি অভিনীত জেমস বন্ড সিরিজের প্রথম ছবি ‘ডক্টর নো’। সেই হিসেবে জেমস বন্ড ছবির যাত্রা ৫০ বছর পূর্ণ হচ্ছে ২০১২ সালেই।