লন্ডন পুলিশের নিয়ন্ত্রণে, অন্য শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার দিনের সহিংসতার পর লন্ডনের রাজপথ এখন পুলিশের নিয়ন্ত্রণে। সহিংসতা ও লুটপাট দমনে আজ বুধবার লন্ডনের রাজপথে প্রায় ১৬ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ব্রিটেনের অন্যান্য শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ছে। পুলিশ বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত এক হাজার ১০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।লন্ডনের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রাজপথে গতকালের চেয়ে পুলিশ সদস্যের উপস্থিতি তিন গুণ বাড়ানো হয়েছে। অস্ত্রশস্ত্রে সজ্জিত গাড়ি ও ভ্যান নিয়ে পুলিশ লন্ডনের রাস্তায়-রাস্তায় টহল দিচ্ছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আগামী ২৪ ঘণ্টার জন্য এই বিপুল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন থাকবে।এদিকে ব্রিটেনের অন্যান্য শহরেও দাঙ্গা ও লুটপাট ছড়িয়ে পড়ছে। দাঙ্গাকারীরা দোকানপাট ভাঙচুর ও মালামাল লুট করছে। গাড়ি ও বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ করছে। কর্মকর্তারা জানিয়েছেন, ম্যানচেস্টার, সালফোর্ড, লিভারপুল, নটিংহ্যাম ও বার্মিংহামে দাঙ্গা চলছে। সেখানকার দোকানপাটে লুট ও অগ্নিসংযোগ চলছে। এ ছাড়া ব্রিটেনের লিস্টার, পশ্চিম ব্রোমউইচ, ব্রিস্টল, গ্লুস্টার, উলভারহ্যাম্পটন প্রভৃতি জায়গায়ও সহিংসতার ঘটনা ঘটেছে।গত বৃহস্পতিবার টটেনহাম এলাকায় পুলিশের গুলিতে ট্যাক্সির এক যাত্রী নিহত হন। এর প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যায়। বিক্ষুব্ধ লোকজন ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংকে হামলা ও লুটপাট করে এবং গাড়িতে আগুন দেয়। পরের দিন গত রোববার রাতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে টটেনহামের বাইরে উত্তর লন্ডনের হ্যাকনি, এনফিলড, পন্ডার্স অ্যান্ড ও পালমার্স গ্রিন, পূর্ব লন্ডনের ওয়ালথাম ফরেস্ট, চিংফোর্ড মাউন্ট ও দক্ষিণ লন্ডনের ব্রিক্সটন ও ক্রয়ডন এলাকায়। লন্ডনে কয়েক বছরের মধ্যে এটা অন্যতম বড় সংঘাতের ঘটনা। সর্বশেষ ১৯৮৫ সালে ব্রডওয়াটার ফার্ম এলাকায় এক পুলিশ কর্মকর্তাকে অপহরণের পর হত্যার ঘটনাকে কেন্দ্র করে এমন দাঙ্গা-সংঘাত ছড়িয়ে পড়েছিল।