পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকা হয়েছে
লন্ডনসহ পাঁচ শহরে লুটপাট, সহিংসতা ছড়িয়ে পড়েছে
যুক্তরাজ্যে দাঙ্গা-সহিংসতার ব্যাপক বিস্তার ঘটেছে। লন্ডনে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো সহিংসতা ও ব্যাপক লুটপাট চলে। লন্ডন ছাড়াও সহিংসতা গতকাল আরও অন্তত চারটি শহরে ছড়িয়ে পড়ে। তিন দিন ধরে চলা এ সহিংসতা মোকাবিলায় আলোচনার জন্য পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকা হয়েছে। সহিংসতার সময় গুলিতে আহত একজন যুবক গতকাল হাসপাতালে মারা গেছেন।প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পরিস্থিতি নিয়ে গতকাল সকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নিরাপত্তা প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন, যেকোনো মূল্যে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। তিনি বলেছেন, লন্ডনের রাস্তায় বাড়তি ১৬ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। কঠোর পদক্ষেপ ও ধরপাকড়ের নির্দেশ দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈঠকে পুলিশ মোতায়েন ছাড়াও দাঙ্গা দমনে বিভিন্ন পদ্ধতি নিয়ে কথা হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকার এখনই এসব পদ্ধতি প্রয়োগের কথা ভাবছে না। ব্রিটেন সচরাচর সেনা মোতায়েন বা জলকামান ব্যবহার করে না। খবর এপি, বিবিসি ও এএফপির।দেশের এ নজিরবিহীন পরিস্থিতিতে ক্যামেরন গতকাল তাঁর গ্রীষ্মকালীন অবকাশ সংক্ষিপ্ত করে ইতালি থেকে দেশে ফেরেন। ডাউনিং স্ট্রিটে তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, জনগণের নিরাপত্তার জন্য সবকিছুই করা হবে। পার্লামেন্টে এখন অবকাশ চলছে। তার পরও পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার এক দিনের জন্য অধিবেশন ডাকা হচ্ছে। সেখানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সবাই মিলে একযোগে সিদ্ধান্ত নেওয়া হবে। সহিংসতা নিয়ে আলোচনার জন্য গতকালই ন্যাশনাল ক্রাইসিস কমিটির সঙ্গে বৈঠক করার কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীর।লন্ডনের টটেনহামে গত শনিবার সন্ধ্যার দিকে চলমান এ সহিংসতার শুরু। এর আগে গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে মার্ক ডুগান নামের ২৯ বছর বয়সী একজন কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন। ক্ষুব্ধ জনতা এর প্রতিবাদ জানাতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে বিভিন্ন স্থানে দাঙ্গা ছড়িয়ে পড়ে। জনতা গাড়ি ও বিভিন্ন ভবনে আগুন ধরিয়ে দেয়। ব্যাপক লুটপাট চলে। গতকাল নতুন করে বার্মিংহাম, লিভারপুল, নটিংহাম ও ব্রিস্টলে সহিংসতা ছড়িয়ে পড়ে। ২০১২ সালে লন্ডনে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা। এত বড় আয়োজনের আগে এমন সহিংসতা আয়োজকদের প্রতি একটি সতর্কবার্তাও। লন্ডনের ক্রয়ডন, পেকহাম ও লিউইসাম এলাকায় সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। এসব এলাকার অনেক ভবন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সড়কে সংঘবদ্ধ লুটেরা চক্রকে ঘুরে বেড়াতে দেখা গেছে। ক্রয়ডনে কয়েকটি ভবন একসঙ্গে জ্বালিয়ে দেওয়া হয়। এর মধ্যে ১০০ বছরের পুরোনো একটি আসবাব ব্যবসাকেন্দ্র রয়েছে। এই আগুনের লেলিহান শিখা বহুদূর থেকেও দেখা যায়।গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে স্থানীয় একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, তাঁরা পরিস্থিতি আয়ত্তে আনতে পারেননি। পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে ক্রয়ডনে গুলিতে ২৬ বছর বয়সী এক যুবক আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তিনি মারা যান। লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চলের ব্রেন্ট এলাকায় গতকাল এক পুলিশ কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙচুর ও লুটপাটে বাধা দিলে ওই পুলিশ কর্মকর্তাকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। হ্যাকনে এলাকায় সংঘবদ্ধ চক্র পুলিশকে লক্ষ করে পাথরসহ বিভিন্ন বস্তু ছুড়ে মারে।এলিং এলাকার বাসিন্দা ক্রিশ্চিয়ান পটস বলেন, ‘আমাদের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমি জীবনেও এমন পরিস্থিতির মুখে পড়িনি।’ তিনি বলেন, ‘মুখোশধারী ২৫ থেকে ৩০ জন ব্যক্তি হঠাৎ করেই একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়।’স্কটল্যান্ড ইয়ার্ড সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত এক হাজার ৭০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ভিন্ন একটি সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র যান নিয়ে লন্ডনের রাস্তায় নেমে পড়েছে। পুলিশ কমান্ডার ক্রিস্টিন জোনস জানান, এ সহিংসতা একেবারেই অমার্জনীয়। মেট্রোপলিটন পুলিশের উপসহকারী কমিশনার স্টিভেন কাভানাগ বলেন, ‘লন্ডনের বর্তমান পরিস্থিতি এককথায় অবিশ্বাস্য। এর আগে কখনোই আমাদের এমন অভিজ্ঞতা হয়নি।’ পরিস্থিতি মোকাবিলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের মতো ছুটি সংক্ষিপ্ত করেছেন লন্ডনের মেয়র বরিস জনসন ও স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে। রোশনারা আলীর উদ্বেগ: ইউএনবি জানায়, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রোশনারা আলী লন্ডনসহ বিভিন্ন শহরে সহিংসতা ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রোশনারা গতকাল এক বিবৃতিতে বলেন, ‘আমাদের এই মহান শহর ও দেশের জন্য এটা একটা ভয়ংকর দিন।’ তিনি বলেন, ‘অপরাধ সংঘটনকারীদের অবশ্যই চিহ্নিত ও আটক করে বিচারের আওতায় আনতে হবে। আজ রাতে অথবা আগামী কয়েক দিনে কী ঘটবে তা এখন অনুমান করা কঠিন।’