লন্ডনে এমকিউএম নেতা খুন, থমথমে করাচি
যুক্তরাজ্যে নির্বাসনে থাকা পাকিস্তানি রাজনীতিক ইমরান ফারুক গত বৃহস্পতিবার বিকেলে উত্তর লন্ডনের নিজ বাসভবনের সামনে খুন হয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) অন্যতম প্রতিষ্ঠাতা ফারুককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচিতে সতর্কাবস্থা জারি করা হয়েছে। বিক্ষুব্ধ লোকজন বেশ কিছু যানবাহন ও বাড়িতে অগ্নিসংযোগ করে।লন্ডন মহানগর পুলিশের একজন মুখপাত্র বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যাওয়ার পর সেখানে ৫০ বছর বয়সী ইমরান ফারুককে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর মাথা ও কাঁধে অনেকগুলো ছুরিকাঘাত করা হয়। চিকিৎসকেরা সেখানে গিয়ে তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের নেপথ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, তা তদন্তের আগে বলা সম্ভব নয়।হত্যা ও নির্যাতনের অভিযোগে পাকিস্তান সরকার ইমরান ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় ১৯৯২ সালে তিনি যুক্তরাজ্যে চলে যান। ১৯৯৯ সালে তিনি যুক্তরাজ্য সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চান। এর পর থেকে তিনি সেখানেই বসবাস করছিলেন। আনুষ্ঠানিকভাবে এমকিউএমের দ্বিতীয় শীর্ষনেতা ফারুক দুবার পাকিস্তান পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। তবে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড তেমন আলোচনায় আসত না।এদিকে ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে করাচিতে বেশ কিছু যানবাহন ও বাড়িঘরে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। কয়েকটি গুলিও ছোড়া হয়েছিল। তবে গতকাল শহরে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এমকিউএমের কর্মীরা ফারুকের বাসভবনের সামনে ভিড় করেন।এক বিবৃতিতে শীর্ষস্থানীয় ওই নেতার মৃত্যুতে ১০ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে এমকিউএম। দলের আরেক শীর্ষস্থানীয় নেতা ফয়সাল সাবজওয়ারি বলেছেন, তাঁরা পুলিশি তদন্তের বিস্তারিত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন।ফারুক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো সহিংস পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য করাচিতে সতর্কাবস্থা জারি করা হয়েছে। করাচিতে গতকাল ছিল থমথমে অবস্থা। দোকানপাট, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। গণপরিবহনের চলাচলও বন্ধ ছিল। কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। শহরের পুলিশপ্রধান ফাইয়াজ লেঘারি বলেন, ‘আমরা সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। এমকিউএম পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক। ইউসুফ রাজা গিলানি বলেন, ‘পরিবার ও দলের জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি।’পাকিস্তানে অনেকেই আশঙ্কা করছেন, যুক্তরাজ্য পুলিশের তদন্তে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বেরিয়ে এলে করাচিতে বড় ধরনের দাঙ্গা শুরু হয়ে যেতে পারে। গত মাসে এমকিউএমের আরেক নেতা ও পাকিস্তান পার্লামেন্টের সাবেক সদস্য রাজা হায়দারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতায় ৮০ জন নিহত হন।করাচি এমকিউএমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর যেসব উর্দুভাষী ভারত থেকে পাকিস্তান চলে আসেন মূলত তাদের সংগঠন হিসেবেই আত্মপ্রকাশ করে এমকিউএম। করাচিতে এ দলটির ব্যাপক প্রভাব রয়েছে। এএফপি, বিবিসি ও টেলিগ্রাফ অনলাইন।