লন্ডনে ক্রেনে লেগে কপ্টার বিধ্বস্ত (ভিডিও)
লন্ডনের টেমস নদীর দক্ষিণে অভিজাত ভক্সহল এলাকায় ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুজন নিহত ও নয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।সিএনএনের খবরে বলা হয়, আজ বুধবার সকালে প্রচণ্ড কুয়াশার কারণে হেলিকপ্টারটি অবতরণের চেষ্টা করে। এ সময় ওই এলাকায় নির্মাণাধীন একটি ভবনের কাজে নিয়োজিত ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারটির পাইলটসহ দুজন নিহত হন। আহত হন নয়জন। আহত লোকজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলছে, এটা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। হেলিকপ্টারটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লন্ডনের সারে থেকে নির্ধারিত ফ্লাইট নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে নির্মাণশ্রমিকেরাও ছিলেন। তবে তাঁদের কোনো ক্ষতি হয়নি।
দুর্ঘটনাস্থলে থাকা একটি ভবনের নির্মাতা রেজার্ট বলেন, ‘আমি ওখানে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দেখছি, হেলিকপ্টারটি দ্রুতগতিতে ক্রেনটির দিকে ছুটে এসে ধাক্কা খেলো। তারপর চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়, পরে আগুন ধরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।’