লন্ডনে দাঙ্গায় আহত আরও এক ব্যক্তির মৃত্যু
যুক্তরাজ্যে দাঙ্গা ও লুটতরাজের সময় গুরুতর আহত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দাঙ্গার সময় ৬৮ বছর বয়সী রিচার্ড ম্যানিংটন বাউস নামের ওই ব্যক্তি পশ্চিম লন্ডনে গুরুতর আহত হন। আজ শুক্রবার স্টকল্যান্ড ইয়ার্ড তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।গত সোমবার রাতে দাঙ্গার সময় মাথায় আগুন লেগে রিচার্ড গুরুতর আহত হন এবং তাঁকে কোমায় রাখা হয়। পুলিশ তাঁর হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে এবং ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ছবি দেখে সন্দেহভাজন একজনকে চিহ্নিত করেছে।৪ আগস্ট লন্ডনের টটেনহামের বাসিন্দা কৃষ্ণাঙ্গ যুবক মার্ক ডুগান একটি ট্যাক্সিক্যাবে করে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। পুলিশ ওই ট্যাক্সি থামিয়ে তল্লাশি শুরু করে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে ডুগানের বাদানুবাদ হয়। এ সময় পুলিশ গুলি ছুড়লে ডুগান নিহত হন। এর প্রতিবাদ জানাতে ৬ আগস্ট টটেনহামের একটি পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ করে ক্ষুব্ধ জনতা। একপর্যায়ে পুলিশের সঙ্গে ক্ষুব্ধ জনতার সংঘর্ষ বাধে। শুরু হয় সহিংসতা। পরে তা বিভিন্ন নগরে ছড়িয়ে পড়ে। বিবিসি।