লন্ডনে পুলিশি অভিযানে ছয় ব্যক্তি আটক
লন্ডনের বিভিন্ন এলাকায় পুলিশি অভিযানে আজ বৃহস্পতিবার ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে। সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছে—এমন সন্দেহে ওই ছয়জনকে আটক করা হয়। মহানগর পুলিশের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।পুলিশ জানায়, পশ্চিম লন্ডনের একটি রাস্তা থেকে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বাকিদের পূর্ব ও পশ্চিম লন্ডনের বিভিন্ন আবাসিক ভবন থেকে আটক হয়। তাঁদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী বলে জানা গেছে।সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি ও প্ররোচনার জন্য ওই ছয়জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক করার পর তাঁদের দক্ষিণ-পূর্ব লন্ডনের থানায় নেওয়া হয়।চলতি বছর অলিম্পিক আয়োজনকে সামনে রেখে যেকোনো ধরনের সহিংসতার বিষয়ে ব্যাপক সতর্ক যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনী। তবে আজকের এই অভিযানটি অলিম্পিক আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এটি গোয়েন্দা বিভাগের নেতৃত্বাধীন একটি পরিকল্পিত অভিযান।