লন্ডনে পুলিশি জেরার মুখে শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশে বলিউডের অভিনেতা শাহরুখ খান পরিচিত মুখ হলেও লন্ডনের পুলিশ বোধ হয় তাঁকে খুব একটা চেনে না। সম্প্রতি সেখানকার বেরসিক পুলিশের জেরার মুখে পড়েছিলেন জনপ্রিয় এ অভিনেতা। যশ চোপড়ার পরবর্তী ছবির শুটিংয়ের জন্য বর্তমানে তিনি লন্ডনেই আছেন। এক খবরে টিএনএন জানিয়েছে, শুটিং স্পটের কাছে শাহরুখের গাড়ি থামিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে লন্ডনের স্থানীয় পুলিশ।শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ ছাড়া যশ চোপড়ার নির্মাণাধীন এ ছবিতে আরও অভিনয় করছেন আনুশকা শর্মা। কয়েক দিন ধরেই ছবিটির শুটিং চলছে। ছবিটির ভিডিও ফুটেজ কিংবা স্থিরচিত্র যাতে অনলাইনে কোনোভাবেই ফাঁস হতে না পারে, সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে যশরাজ ফিল্মস কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে লন্ডন পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়েছে।লন্ডন পুলিশ যে বেশ ভালোভাবেই তাদের দায়িত্ব পালন করছে, এরই প্রমাণ শাহরুখকে জিজ্ঞাসাবাদ। ছবিটির শুটিং যেখানে চলছে তার আশপাশের এলাকায় গাড়ি ও মানুষকে নিয়মিতভাবে তল্লাশি চালানো হচ্ছে। শাহরুখের গাড়ি থামিয়ে তাঁকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছে পুলিশ। পুলিশ তাঁকে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তা জানা না গেলেও পুলিশি জেরার পরপরই শাহরুখকে তাঁর গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে।