লন্ডনে ফখরুল-তারেক বৈঠক?

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল লন্ডন যাচ্ছে। সেখানে একটি সেমিনারে যোগ দেওয়া ছাড়াও প্রতিনিধিদলের সদস্যরা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গেছে। বিএনপির সূত্রগুলো থেকে এমনই আঁচ পাওয়া গেছে। তবে সেমিনারে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও বৈঠকের বিষয়ে মুখ খোলেননি বিএনপির কোনো নেতা। ১৭ জুলাই লন্ডনে ওই সেমিনার অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীর আগামী সোমবার সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, হাউস অব লর্ডসের আমন্ত্রণে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে একটি সেমিনারে যোগ দিতে তাঁরা আগামী সোমবার লন্ডনের উদ্দেশে রওনা হবেন। সেখানে তাঁরা দুদিন থাকবেন। তাঁদের লন্ডনে যাওয়ার মূল উদ্দেশ্য সেমিনার। তিনি জানান, আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলও তাতে যোগ দেওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন পর তারেক রহমান দেশের রাজনীতি নিয়ে আবার কথা বলতে শুরু করেছেন। কিছুদিন আগে লন্ডনে এক সেমিনারে তিনি দেশের রাজনীতি নিয়ে অনেক কথা বলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান চিকিত্সার জন্য লন্ডনে যান। এর পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।