লন্ডনে বিবার ভক্তদের ধুন্ধুমার কাণ্ড!
সম্প্রতি যুক্তরাজ্য সফরে লন্ডন শহরের রয়্যাল গার্ডেন হোটেলে উঠেছিলেন কানাডিয়ান পপ সেনসেশন জাস্টিন বিবার। সেখানে প্রিয় গায়ককে একনজর কাছ থেকে দেখার জন্য রীতিমতো ধুন্ধুমার কাণ্ড ঘটিয়েছেন বিবারের অন্ধ ভক্তেরা।এক খবরে যুক্তরাজ্যের সান জানিয়েছে, শুরু থেকেই বিবারের হোটেল কক্ষে ঢোকার জন্য নানা টাল-বাহানা শুরু করেছিলেন তাঁর ভক্তেরা। কেউ কেউ নিজেকে তাঁর আত্মীয় কিংবা বন্ধু বলে মিথ্যে পরিচয় দিয়েছেন শুধু একনজর তাঁকে কাছ থেকে দেখার জন্য।শুধু তা-ই নয়, হোটেলের টেলিফোনে বিবারকে চেয়ে ফোন করেন অন্তত দুই হাজার ভক্ত। এতে হোটেলের ফোন লাইনটি প্রায় বিকল হওয়ার জোগাড় হয়েছিল!বিবারের কাছাকাছি যাওয়ার জন্য তাঁর ভক্তেরা পুরোপুরি অশান্ত হয়ে উঠেছিলেন। প্রিয় গায়কের সান্নিধ্য লাভের জন্য যেকোনো কিছু করতে রাজি ছিলেন তাঁরা। বিবার রয়্যাল গার্ডেন হোটেলে ঢোকার পর থেকেই হোটেলের ফোনগুলো অবিরাম বেজেই চলেছে।বিবার ভক্তরা যে উলটা-পালটা কীর্তি ঘটাবেন—এটা জানা ছিল হোটেল কর্তৃপক্ষেরও। কিন্তু পাগলামি যে এত ভয়াবহ মাত্রায় গিয়ে পৌঁছাবে, তা কেউ আন্দাজও করতে পারেননি।একপর্যায়ে হোটেলের জানালা দিয়ে ১৮ বছর বয়সী এই গায়ক নিজেকে উন্মুক্ত করলে ভক্তদের মাঝে যেন উন্মাদনার ঝড় বয়ে যায়।