লন্ডনে বিবিসি কার্যালয়ের সামনে শাহবাগের স্লোগান
শাহবাগের প্রজন্ম চত্বরে সমবেত মানুষের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে লন্ডনের হোয়াইট সিটি এলাকায় বিবিসি কার্যালয়ের সামনে গতকাল বুধবার বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে তাঁরাও দেন একই স্লোগান। প্রবাসী বাংলাদেশিদের বজ্রকণ্ঠে স্লোগান ছিল: ‘মুক্তিযুদ্ধে ছিলাম না, এবার তোদের ছাড়ছি না’, ‘আর কোনো দাবি নাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে বাংলাদেশের গণমানুষের সঙ্গে একাত্মতা জানানোর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আন্দোলনের সঠিক তথ্য উপস্থাপনের জন্য ওই বিক্ষোভ হয়।বিক্ষোভে অংশ নিয়ে কবি শামীম আজাদ বলেন, হায়েনার দল দেশ-বিদেশে সক্রিয়। মানবতাবিরোধী অপরাধীদের বিচার ভণ্ডুল করতে তারা মরিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমে এসব দাবি যাতে সঠিকভাবে উপস্থাপিত হয়, এ জন্য তাঁরা এই কর্মসূচির আয়োজন করেন।