ব্রিটেনে বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভরত শিক্ষার্থীরা লন্ডনে প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা পার্কারের গাড়িতেও হামলা চালান। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে টিউশন ফি বাড়ানো-সংক্রান্ত বিল উত্থাপনের আগে থেকেই মধ্য লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তাঁদের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। শিক্ষার্থীরা মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে এগোলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনসংলগ্ন অর্থ মন্ত্রণালয় অবরোধ করে রাখেন এবং এর দরজায় আঘাত করে চিৎকার করেন, ‘আমাদের টাকা ফেরত চাই’। এ ছাড়া অক্সফোর্ড স্ট্রিটে বেশ কয়েকটি দোকানের জানালার কাচ ভাঙচুর করেন ছাত্ররা।স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ১২ জন পুলিশ কর্মকর্তা এবং ৪৩ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা হামলার সময় লাঠিসোঁটা, স্নুকার বল, ফ্লেয়ার ইত্যাদি বস্তু ব্যবহার করেছে। গত ২৪ নভেম্বরও একই বিষয়কে কেন্দ্র করে লন্ডনের কেন্দ্রস্থলে সহিংস বিক্ষোভ করেন হাজার হাজার শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি প্রায় তিন গুণ বাড়ানোর পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবারই পার্লামেন্টে ভোট হয়। টিউশন ফি নয় হাজার পাউন্ড পর্যন্ত বাড়ানোর এ প্রস্তাব ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে ২১ ভোটের ব্যবধানে পাস হয়। এই পরিকল্পনার বিরোধিতা করে ঊর্ধ্বতন তিনজন সরকারি কর্মকর্তা পদত্যাগ করেন। পার্লামেন্টের ভোটে উতরে গেলেও ক্ষমতাসীন জোটের অনেক পার্লামেন্ট সদস্য যে সরকারের প্রস্তাবের পক্ষে ভোট দেননি, তা ভোটের ব্যবধান স্পষ্ট করেছে বলে উল্লেখ করছেন বিশ্লেষকেরা। জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্র্যাটস দলের মাত্র ২৮ জন পার্লামেন্ট সদস্য বিলের পক্ষে ভোট দেন।এদিকে বৃহস্পতিবার লন্ডনের একটি থিয়েটারে যাওয়ার পথে রাজপরিবারের সদস্যদের বহনকারী গাড়িটি বিক্ষোভরত শিক্ষার্থীদের হামলার শিকার হয়। এ ব্যাপারে প্রিন্স চার্লসের মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করছি, প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়েলকে বহনকারী গাড়িটি সন্ধ্যায় লন্ডনের একটি থিয়েটারে যাওয়ার পথে বিক্ষোভকারীদের হামলার শিকার হয়। তবে তাঁরা দুজনই অক্ষত রয়েছেন।’ ওই মুখপাত্র বিস্তারিত আর কিছু জানাননি।এ ঘটনায় জড়িতদের শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। পাশাপাশি রাজপরিবারের সদস্যদের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল কি না, তা তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে ব্রিটিশ পুলিশ।এ ব্যাপারে লন্ডনের পুলিশ সুপারিনটেনডেন্ট জুলিয়া পেনড্রি জানান, শহরের কেন্দ্রস্থলে অক্সফোর্ড অঞ্চলে গাড়িটি হামলার শিকার হয়। পেনড্রি বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারছি না, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রিন্সের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কি না। টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্রে দেখা গেছে, প্রিন্সকে বহনকারী সাদা গাড়িটির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি লক্ষ্য করে রং ছোড়া হয়েছে।’গতকাল শুক্রবার লন্ডন মহানগর পুলিশের প্রধান স্যার পল স্টিফেনসন বলেছেন, এ ঘটনার কঠোর তদন্ত করা হবে। পুলিশের তরফ থেকে কোনো গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে। আমাদের পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের একটি স্থানে আটকে রাখা। কিন্তু সেটি কাজ করেনি।’প্রিন্স চার্লসের গাড়িতে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গতকাল তিনি বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ দেখতে চান তিনি। দুঃখজনক এ ঘটনা থেকে পুলিশকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানান ক্যামেরন।আন্দোলনকারীদের পক্ষে লন্ডনে স্টেফাইন জোনস নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা থামছি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। বিক্ষোভ আরও সহিংস হয়ে উঠবে। আরও আক্রমণ, সংঘর্ষ হবে।’এ ঘটনায় ব্রিটেনের উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী ডেভিড উইলেটস বলেন, পুলিশের ওপর হামলার ঘটনা দুঃখজনক। পুলিশ খুবই কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছে।অর্থনৈতিক মন্দার কারণে ব্যাপক বাজেট-ঘাটতি রয়েছে ব্রিটেনের। এই ঘাটতি কমিয়ে আনতে সরকারি ব্যয় সংকোচনের পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি বাড়ানোর এই উদ্যোগ নিয়েছে ক্যামেরনের সরকার।