লন্ডনে ব্যাপক দাঙ্গা
লন্ডনে বিক্ষুব্ধ জনতা গতকাল শনিবার পুলিশকে লক্ষ্য করে রাতভর পেট্রলবোমা নিক্ষেপ করেছে। তারা এ সময় বেশ কয়েকটি গাড়ি, ভবন, ব্যাংক ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আট পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে মার্ক দুগান (২৯) নামের এক ট্যাক্সিচালক নিহত হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার সন্ধ্যায় দুই শতাধিক বিক্ষোভকারী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা টোটেনহাম পুলিশ স্টেশনের কাছে দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো পেট্রলবোমা ও বোতল নিক্ষেপ করতে থাকে। আজ রোববার সকালের দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ কর্মকর্তা স্টিফেন ওয়াটসন বলেন, এই বিশৃঙ্খলা লন্ডনবাসী বিশেষ করে স্থানীয় লোকজনের জন্য মর্মান্তিক ঘটনা। তিনি আরও বলেন, ‘জনগণের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিই। এ মুহূর্তে আমাদের মূল উদ্দেশ্য হলো দ্রুত এই বিশৃঙ্খলার সমাপ্তি ঘটিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা।’গত কয়েক বছরের মধ্যে লন্ডনে এটি সবচেয়ে বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা।