লন্ডনে মওদুদের বাড়ি, তদন্ত করছে দুদক
লন্ডনে সাড়ে চার কোটি টাকায় বাড়ি কেনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১১ জুলাই কমিশনের জ্যেষ্ঠ আইনজীবী ও পদস্থ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় কমিশন। দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানান, ‘মওদুদ আহমদের অর্থ পাচারের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’ তিনি বলেন, ‘এ ছাড়া কমিশনের পক্ষ থেকে নোটিশ করার পরে যদি সংশ্লিষ্ট ব্যক্তি আদালতে চলে যান, তখন দুদকের কৌশলও পরিবর্তন করতে হতে পারে।’দুদক সূত্র জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে দুদকের উপপরিচালক মোনায়েম হোসেন বিএনপির এই নেতার বিরুদ্ধে লন্ডনে অর্থ পাচারের ঘটনা তদন্ত শুরু করেন। এর অংশ হিসেবে তিনি মওদুদ আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জুলাই নোটিশ দেন। তাঁকে ১১ জুলাই সকালে দুদকে হাজির হতে বলা হয়। কিন্তু তিনি ৯ জুলাই হাইকোর্ট হাজির হয়ে দুদকের নোটিশ চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করলে আদালত তিন মাসের জন্য দুদকের নোটিশের কার্যকারিতা স্থগিত করেন।দুদক হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করলে সেখানেও হাইকোর্টের আদেশ বহাল রাখা হয় বলে জানা গেছে। এ অবস্থায় জরুরি বৈঠকে তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুদক। কারণ, হাইকোর্ট দুদকের নোটিশ স্থগিত করলেও তদন্তের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করেনি।২০১০ সালের ৫ মার্চ লন্ডনে তিন লাখ ৬০ হাজার পাউন্ড খরচ করে একটি অ্যাপার্টমেন্ট (বাড়ি) কেনেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার কোটি টাকা দিয়ে লন্ডন শহরের ১৫ হান্টিংটন এলাকায় বাড়িটি কেনা হয়। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, কমিশনের নতুন কৌশলের মধ্যে রয়েছে নোটিশ না দিয়েও যেকোনো ‘হাইপ্রোফাইল’ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা যায়।দুদকের সূত্র অনুযায়ী, মওদুদ আহমদ লন্ডনে বাড়ি কেনার টাকা কীভাবে, কোন উপায়ে দেশ থেকে নিয়েছেন—সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এর মধ্যেই প্রয়োজনীয় তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি শাখার জেনারেল ম্যানেজারকে (জিএম) ৫ জুলাই একটি চিঠি দিয়েছে কমিশন। তদন্ত কর্মকর্তা মোনায়েম হোসেনের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, মওদুদ আহমদ ২০১০ সালের ৫ মার্চের আগে কোনো ধরনের অনুমতি সাপেক্ষে টাকা পাঠিয়েছে কি না, জরুরি ভিত্তিতে এ তথ্য দুদকে জানাতে বলা হয়েছে।