লন্ডনে হামলা-লুটপাট চলছে, প্রধানমন্ত্রীর বৈঠক আহ্বান
লন্ডনজুড়ে দাঙ্গা ও লুটপাট ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবারও রাতভর সেখানে ব্যাপক হামলা-লুটপাটের ঘটনা ঘটেছে। উদ্ভূত সংকট মোকাবিলায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইতালিতে তাঁর অবকাশ-ভ্রমণ সংক্ষিপ্ত করে দেশে ফিরে আজ মঙ্গলবার বৈঠক ডেকেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। গতকাল সোমবার মুখোশধারী যুবকেরা রাতভর লন্ডনের বিভিন্ন জায়গায় গাড়ি ও ভবনে অগ্নিসংযোগ করে। দোকানপাটে ব্যাপক ভাঙচুর, লুটপাট, পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো বোতল ও পাথর নিক্ষেপ করে। সহিংসতা সৃষ্টিকারী যুবকেরা মুঠোফোনের মাধ্যমে লন্ডনের বিভিন্ন জায়গায় হামলা সংঘটিত করছে। টটেনহামের পাশাপাশি সহিংসতা ছড়িয়ে পড়ছে বার্মিংহাম, লিভারপুল, ব্রিস্টল, ক্ল্যাপহাম জংশন, উলউইস, এলিং ও ক্রয়ডন এলাকায়।পুলিশ জানিয়েছে, অধিক বেকারত্বপূর্ণ অঞ্চল থেকে এসে যুবকেরা লুটপাট চালাচ্ছে। সম্প্রতি ওই অঞ্চলগুলোতে সরকার সামাজিক সেবাও কমিয়ে দিয়েছে। পুলিশ ও রাজনীতিবিদেরা সহিংসতাকারীদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছেন। গত বৃহস্পতিবার টটেনহাম এলাকায় পুলিশের গুলিতে ট্যাক্সির এক যাত্রী নিহত হন। এর প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যায়। বিক্ষুব্ধ লোকজন ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংকে হামলা ও লুটপাট করে এবং গাড়িতে আগুন দেয়। পরের দিন গত রোববার রাতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে টটেনহামের বাইরে উত্তর লন্ডনের হ্যাকনি, এনফিলড, পন্ডার্স অ্যান্ড ও পালমার্স গ্রিন, পূর্ব লন্ডনের ওয়ালথাম ফরেস্ট, চিংফোর্ড মাউন্ট ও দক্ষিণ লন্ডনের ব্রিক্সটন ও ক্রয়ডন এলাকায়। লন্ডনে কয়েক বছরের মধ্যে এটা অন্যতম বড় সংঘাতের ঘটনা। সর্বশেষ ১৯৮৫ সালে ব্রডওয়াটার ফার্ম এলাকায় এক পুলিশ কর্মকর্তাকে অপহরণের পর হত্যার ঘটনাকে কেন্দ্র করে এমন দাঙ্গা-সংঘাত ছড়িয়ে পড়েছিল।