লন্ডনে হুমায়ূন আহমেদ স্মরণ
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবন ও গান নিয়ে এক স্মরণ অনুষ্ঠান পালিত হয়েছে লন্ডনে। গত মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি মিলনায়তনে পালিত হয় অনুষ্ঠানটি। যুক্তরাজ্যে বাঙালি নারীদের একমাত্র পত্রিকা ‘নারী’ এবং ‘এশিয়ান ম্যাগাজিন’ অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে কবি, সাংবাদিক, তথ্যচিত্র নির্মাতাসহ গুণী প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে হুমায়ূন আহমেদের সাক্ষাত্কার এবং তাঁর নাটক, চলচ্চিত্র নিয়ে ভিডিও কোলাজ দেখানো হয়। এরপর হুমায়ূন আহমেদের জীবন ও কর্মের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী ম্যাগাজিনের বিশেষ প্রতিনিধি নীলুফা ইয়াসমীন হাসান। পরে একে একে হুমায়ূন স্মরণপর্বে লন্ডন প্রবাসী বিশিষ্টজনেরা শ্রদ্ধা জানান। ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পাশা খন্দকার বলেন, ‘হুমায়ূন আহমেদ আমাদের যারপরনাই সাহস জুগিয়েছেন। আমাদের ভেতরেও যে একজন হিমু আছে, শুভ্র আছে তা বুঝিয়েছেন। মোট কথা ভাবনার বিচিত্র জগতের সঙ্গে পরিচয় করে দিয়েছেন হুমায়ূন। আপামর মানুষকে আনন্দ দেওয়ার সৌভাগ্য কজনেরই বা থাকে? হুমায়ূন আহমেদের শ্রেষ্ঠত্ব এখানেই।খুব অল্প কথায় হুমায়ূন-বন্দনা করলেন কবি শামীম আজাদ। তিনি বলেন, ‘হুমায়ূন তাঁর সৃষ্টির যে পালকগুলো ফেলে দিয়ে গেছেন বিশ্বজুড়ে তাঁর জ্ঞাতি হিসেবে আমরা স্বগর্বে সব সময়ই শিহরিত হব। অপরাজিত নায়ক হুমায়ূন তাঁর কর্মেই বেঁচে থাকবেন, অনন্তকাল আনন্দই বিলিয়ে যাবেন।’স্মরণ অনুষ্ঠানে হুমায়ুনকে দেখেননি এমন ব্যক্তিরাও লেখকের প্রতি আবেগ প্রকাশ করেছেন। তাঁদেরই একজন বাঙালি নারী সংগঠক সৈয়দা নাসিমা। তিনি তাঁর নয় বছর বয়সী ব্রিটিশ বংশোদ্ভূত মেয়ে নাদিরাকে বুঝিয়েছেন হুমায়ূন সবার আত্মার আত্মীয় হয়ে উঠেছেন। বাংলাদেশের প্রতিটি ঘরেই হুমায়ূন আনন্দ বিলিয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্মৃতিচারণা করেছেন ব্রিটিশ মূলধারার তথ্যচিত্র নির্মাতা রুহুল আমিন, কলামিস্ট মাসুদ রানা, নারী পত্রিকার সম্পাদক কবি শাহনাজ সুলতানা প্রমুখ। স্মৃতিচারণা শেষে হুমায়ুনের গান পর্বে হুমায়ূনের লেখা বিভিন্ন গান গেয়ে শোনান শিল্পী জাহিদ কামাল। তিনি ‘ও কারিগর, দয়ার সাগর.. চাঁদনী পসর রাইতে যেন আমার মরণ হয়’ ছাড়াও কয়েকটি গান গেয়ে শোনান। এ ছাড়া ‘মরিলে কান্দিস না আমার দায়’ গেয়ে হল মাত করেন হুমায়ূনের অনন্য সৃষ্টি হিমু চরিত্র রূপদানকারী ফজলুল কবির।