লন্ডনেও নারী সাংবাদিক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে ১৮ দলীয় জোটের একটি প্রতিবাদ কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে একজন নারী সাংবাদিক জামায়াত-সমর্থকদের হামলার শিকার হয়েছেন। চ্যানেল আই ইউরোপের জ্যেষ্ঠ প্রতিবেদক এমি হোসেন শাহ জানান, গত বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৮ দলীয় জোটের স্মারকলিপি প্রদানের কর্মসূচির খবর সংগ্রহের সময় তাঁর ওপর জামায়াত-সমর্থকেরা হামলা করেন।এমি অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর ক্যামেরা কেড়ে নিয়ে ভিডিও ফুটেজ নষ্ট করার চেষ্টা চালান। এ সময় পুলিশ আসায় ও বিএনপির নেতাদের হস্তক্ষেপে তিনি রক্ষা পান।অভিযোগের বিষয়ে বিএনপির স্থগিত থাকা যুক্তরাজ্য কমিটির সাবেক আহ্বায়ক এম এ মালেক এবং জামায়াতের নেতা ও সেভ বাংলাদেশ নামক সংগঠনের প্রধান নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক বিএনপির নেতা ও ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ বাতিলের দাবিগুলোর প্রতি ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ১৮ দলীয় জোট বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেয়। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক এমিকে লাঞ্ছিত করার প্রতিবাদে স্থানীয় বাংলা চ্যানেলগুলো ১৮ দলীয় জোটের ওই সমাবেশের খবর প্রচার থেকে বিরত থাকে। এ ঘটনার প্রতিবাদে রোববার লন্ডনে বাংলা সংবাদমাধ্যমের সংবাদকর্মীরা সমাবেশ ডেকেছেন।