লন্ডনের আদালতে সৌদি যুবরাজ দোষী সাব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের একটি আদালত লন্ডনের একটি হোটেলে ব্যক্তিগত পরিচারককে বলাৎকারের পর হত্যা করার দায়ে সউদ আবদুল আজিজ বিন নাসির আল সউদ নামের সৌদি আরবের বর্তমান বাদশাহ আবদুল্লাহর এক নাতিকে দোষী সাব্যস্ত করেছেন। গতকাল মঙ্গলবার আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন। আজ বুধবার তাঁর সাজা ঘোষণা করা হতে পারে। ধারণা করা হচ্ছে, তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। আদালত বলেছেন, নাসির আল সউদ তাঁর হোটেলকক্ষে বান্দার আবদুল আজিজ (৩২) নামের তাঁর এক পরিচারককে হত্যা করেন। গত ১৫ ফেব্রুয়ারি তাঁর লাশ উদ্ধার করা হয়। কৌঁসুলিরা বলেছেন, হত্যার আগে ওই ব্যক্তিকে মারধরের পাশাপাশি যৌন নির্যাতনও করা হয়। কৌঁসুলিরা বলেছেন, সৌদি যুবরাজই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। গোপন ক্যামেরায় দেখা গেছে, ঘটনার কয়েক দিন আগে সৌদি যুবরাজ তাঁর পরিচারককে হোটেলের লিফটে দুবার মারধর করেছেন। এ ছাড়া ঘটনার দিন রাতে একটি রেস্তোরাঁর বাইরে তাঁকে লাথিও মেরেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ম্যাকফার্লেন বলেছেন, আসামি তাঁর ক্ষমতাবলে দিনের পর দিন তাঁর পরিচারকের ওপর নির্যাতন চালিয়েছেন। নিহতের চিবুকে কামড়ের দাগ পাওয়া গেছে। তাঁর মুখে ও মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছে। এতে তাঁর দাঁতও ভেঙে যায়। ময়নাতদন্তে মস্তিষ্কে রক্তক্ষরণের প্রমাণ মিলেছে। বিবিসি ও এএফপি।