লন্ডনের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে লন্ডনের উদ্দেশে আজ শনিবার ঢাকা ছেড়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে ক্ষুধাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল হাঙ্গার ইভেন্টে যোগ দিতে তাঁর এই সফর। ১২ আগস্ট লন্ডন অলিম্পিকের শেষ দিন এই সম্মেলন অনুষ্ঠিত হবে।আজ সকাল ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারসহ মন্ত্রিপরিষদের সদস্য, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। বিমানটি আজ লন্ডনের স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে।বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর প্রধানমন্ত্রী হোটেল সেন্ট প্যানক্র্যাশ রেনেসাঁয় যাবেন। লন্ডন সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন। হাঙ্গার ইভেন্টে যোগ দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানেও যোগ দেবেন।২০১৬ সালের পরবর্তী অলিম্পিকের সময় পর্যন্ত বিশ্বের দরিদ্র শিশুদের পুষ্টির উন্নয়ন ও অনাহারি শিশুর সংখ্যা কমানোর প্রচেষ্টা জোরদার করতে বিশ্ব নেতাদের প্রতি এই সম্মেলন থেকে আহ্বান জানানো হবে। যুক্তরাজ্যের প্রত্যাশা, লন্ডন অলিম্পিক ২০১২ বিশ্বের কোটি কোটি শিশুর অপুষ্টির প্রতিকারের ক্ষেত্রে টেকসই অবদান রাখবে এবং তাদের সম্ভাবনা কাজে লাগানোর জন্যও তাদের সুযোগ করে দেবে।