লন্ডনের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলিম্পিক গেমস-২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আজ বুধবার সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট সকাল সোয়া ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। লন্ডনের স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা।প্রধানমন্ত্রী ২৭ জুলাই লন্ডনের বাকিংহাম প্রাসাদে রানী দ্বিতীয় এলিজাবেথের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া, তিন বাহিনীর প্রধান ও কূটনৈতিক কোরের ডিন প্রধানমন্ত্রীকে বিদায় জানান।প্রধানমন্ত্রী লন্ডনে পাঁচ দিন অবস্থানকালে ব্যস্ত সময় কাটাবেন। তিনি কমিউনিটি নেতা ও পেশাজীবীদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকে যোগ দেবেন। এ ছাড়া স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাত্কার দেবেন। বাসস।