লন্ডনের পাতালরেলে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিনের পরদিন আজ বুধবার ধর্মঘট চলছে লন্ডনের পাতালরেল পরিষেবায়। ‘ব্যাংক হলিডে’ ভাতার দাবিতে পাতালরেল শ্রমিকেরা এই ধর্মঘটের ডাক দিয়েছেন।ইংল্যান্ডে সাধারণত বড়দিন বা এ ধরনের উত্সবের ছুটিকে কর্মীর বার্ষিক ছুটি হিসেবে ধরা হয়। পাতালরেল পরিষেবা কর্মীদের দাবি, তাঁরা যেহেতু বড়দিনে কাজ করছেন, সেহেতু তাঁদের যেন ‘ব্যাংক হলিডে’ ভাতা দেওয়া হয়।ব্যাপারটি নিয়ে বেশ কিছুদিন ধরে কর্তৃপক্ষের সঙ্গে টানাপোড়েন চলার পর পাতালরেল পরিষেবাকর্মীদের সংগঠন এই ধর্মঘটের ডাক দেয়।পাতালরেল পরিষেবার কর্মীদের সংগঠন ধর্মঘটের প্রশ্নে নিজেদের মধ্যে ভোটেরও আয়োজন করে। এই ভোটে বড় ব্যবধানে ধর্মঘটের পক্ষে রায় দেন সংগঠনের সাধারণ কর্মীরা।পাতালরেল পরিষেবার কর্মীদের এই ধর্মঘটে বড়দিনের পরদিন লন্ডন শহরের মানুষের যাতায়াতব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ধর্মঘটে মানুষের দুর্ভোগ লাঘবে শহরে বাস চলাচলের সড়কপথ গতিশীল রাখা হচ্ছে। এমনকি লন্ডনের কেন্দ্রে ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের ফি-ও শিথিল রাখা হয়েছে।ধর্মঘটের প্রেক্ষাপটে ট্রান্সপোর্ট ফর লন্ডন এক বিবৃতিতে পাতালরেল পরিষেবায় বড় ধরনের বিঘ্ন ঘটবে বলে স্বীকার করেছে।লন্ডন পাতালরেলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হাওয়ার্ড কলিন্স পাতালরেল পরিষেবাকর্মীদের এই ধর্মঘটকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে বলেছেন, একই কাজের জন্য তাঁরা দুবার অর্থ দাবি করছেন, যা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এই অন্যায় দাবি আদায়ে তাঁরা লন্ডনের সাধারণ মানুষকে জিম্মি করেছে, যা মেনে নেওয়া যায় না। রয়টার্স।