লন্ডনের রাস্তায় লিবীয়দের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের অভিজাত নাইটব্রিজ ও আরবি সম্প্রদায় অধ্যুষিত এজওয়ার রোড এলাকায় এখন যেন উত্সবের আমেজ। কর্নেল গাদ্দাফির মৃত্যু নিশ্চিত হওয়ার পর লিবিয়া দূতাবাসের সামনে ও আশপাশের এলাকার রাস্তায় নেমে আসেন ব্রিটেনে বসবাসকারী লিবীয় নাগরিকেরা। তাদের নাচ, গান আর চিত্কারের মাঝে একটি শব্দই ভেসে আসছিল—লিবিয়া, লিবিয়া..। স্বৈরশাসকের কবল থেকে মুক্তি উপলক্ষে বাঁধভাঙা এ আনন্দ উদ্যাপনে অংশ নেন লিবিয়ার সর্বস্তরের মানুষ। তাদের আনন্দে শামিল হতে দেখা যায় ভিনদেশিদেরও। লন্ডনে পড়ুয়া লিবীয় ছাত্র সামান ফিরোজ বলেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না গাদ্দাফি মৃত! আমরা মুক্ত, আমরা স্বাধীন...। দেশে ফিরতে আর একটুও ভয় নেই। আমি দেশে ফিরে যাব।’ হাতে হাতে উড়ছে লিবিয়ার পতাকা, কেউ বা পোড়াচ্ছে গাদ্দাফির ছবি আর কেউ ফেলছে থু থু। ভিড়ের মধ্যে শোনা গেল এক মায়ের চিত্কার আর কান্না। বিলাপ করছেন ‘খুনি (গাদ্দাফি) আমার দুই ছেলেকে মারল। হাজার মায়ের বুক খালি করেছে। আল্লাহ ওই পিশাচকে তুমি মাফ করো না।’ত্রিপোলিতে প্রথম ন্যাটো বাহিনীর বোমা হামলার আগের দিন লন্ডনে চলে আসেন আরিজ সাবা (২৫) নামের তরুণী। কপালে লিবিয়া লিখে তিনিও মুক্তির এ উত্সবে অংশ নেন। নিইসা রিচ (৪৩) নামের ব্রিটিশ সমাজকর্মী রাস্তায় শরিক হওয়া প্রসঙ্গে বলেন, ‘দেশটা খুনির হাত থেকে মুক্ত হয়েছে।’এদিকে গাদ্দাফির মৃত্যুতে খুশি হলেও অনেকটাই উত্কণ্ঠিত যুক্তরাজ্যে কর্মরত লিবীয় চিকিত্সক ফারাজ (৫৫)। তিনি বলেন, ‘আমাদের জন্য সামনে খুব কঠিন সময়।’