লবণপানিতে ক্ষয়ে যাচ্ছে ২০০ কিলোমিটার সড়ক
লবণবোঝাই ট্রাক চলাচলের সময় লবণগলা পানি ঝরে পড়ে পাকা সড়কের ওপর। এই পানিতে ক্ষয়ে যাচ্ছে সড়কের প্রলেপ হিসেবে ব্যবহূত বিটুমিন এবং তৈরি হচ্ছে ছোটবড় গর্ত। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে যানবাহন চলাচল। প্রায় ২০০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের বিস্তৃতি কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রামের পটিয়া পর্যন্ত। অনেকের মতে, ওই মহাসড়কে ঘটা অনেক দুর্ঘটনার জন্য লবণপানি দায়ী।গত সোমবার সকালে টেকনাফের নিলা ও রঙিখালী এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কের ওপর বেশ কটি ট্রাক দাঁড়ানো। শ্রমিকেরা পাশের মাঠ থেকে উত্পাদিত লবণ এনে ট্রাকে তুলছেন। লবণবোঝাই ট্রাকগুলো একে একে পটিয়ার উদ্দেশে রওনা হয়। এ সময় ট্রাক থেকে লবণপানি সড়কের ওপর ঝরে পড়তে দেখা যায়। সড়কের যেসব স্থানে লবণপানি পড়ে, সেসব স্থান পিচ্ছিল হয়ে যায়। উল্লেখ্য, টেকনাফ থেকে লবণবোঝাই ট্রাকের ৯০ শতাংশের গন্তব্য পটিয়ার লবণ পরিশোধন কারখানা। বাকিগুলো যায় ঢাকা ও নারায়ণগঞ্জের কারখানায়।টেকনাফের হোয়াইক্যং এলাকার লবণ খামার মালিক আবদুস সোবহান বলেন, ট্রাকে পলিথিন বিছিয়ে লবণ পরিবহনের নিয়ম রয়েছে। এতে সড়কের ওপর লবণপানি পড়ে না। তবে পলিথিনে পানি জমে গেলে সেই পানিতে অন্যান্য লবণ গলে নষ্ট হয়। তাঁর দাবি, এভাবে টেকনাফ থেকে ১০ টন লবণ নিয়ে একটি ট্রাক পটিয়া পর্যন্ত পৌঁছাতে বিপুল পরিমাণ কমপক্ষে তিন টন লবণ নষ্ট হতে পারে। এ কারণে ট্রাকে পলিথিন বিছানোর ঝুঁকি নেওয়া হয় না। টেকনাফের শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, জালিয়াপাড়া, সাবরাং, নিলা, রঙিখালী, জাদিমুরা, হোয়াইক্যং, ঝিমংখালীসহ কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে এভাবে প্রতিদিন পাঁচ শতাধিক ট্রাকে করে লবণ সরবরাহ করা হচ্ছে। কক্সবাজারের বিসিক লবণ উন্নয়ন প্রকল্প সূত্র জানায়, আগে এসব লবণ ইঞ্জিনচালিত নৌযানে করে ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, ঝালকাঠি, বরিশালসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। এখন সাগর উত্তাল থাকায় তা সম্ভব হচ্ছে না। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হালিম বলেন, লবণপানির কারণে এই বিভাগের আওতায় টেকনাফ থেকে চুনতি পর্যন্ত ১৫৬ কিলোমিটার মহাসড়কের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিটুমিন নষ্ট হয়ে তৈরি হচ্ছে গর্ত। যানবাহন চলাচলের কারণে বাড়ছে গর্তের আয়তন। এতে ওই সড়কের ওপর নির্মিত সেতু ও কালভার্টের ক্ষতি হচ্ছে। তিনি জানান, গত ১৩ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জেলা প্রশাসন, পুলিশ ও ট্রাকমালিকদের যৌথ অভিযানে সড়কে লবণপানি পড়া বন্ধ করা হবে। কিন্তু এখন পর্যন্ত এর বাস্তবায়ন হয়নি। সওজ বিভাগের একার পক্ষে লবণপানি পড়া রোধ করা সম্ভব নয়।সওজের তথ্যমতে, মহাসড়কের ২০০ কিলোমিটারের মধ্যে টেকনাফ, উখিয়া, রামু থেকে কক্সবাজার পর্যন্ত এই ১১০ কিলোমিটার সবচেয়ে ক্ষতিগ্রস্ত। বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মহাসড়কে গর্ত সৃষ্টির অন্যতম কারণ লবণপানি পড়া। সরেজমিনে টেকনাফের রঙ্গিখালী মাদ্রাসা গেট থেকে উত্তর দিকে হোয়াইক্যং পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মহাসড়কের চৌধুরীপাড়া, নিলাবাজার, মৌলভীবাজার, খারেংখালীবাজারসহ আরও কয়েকটি পয়েন্টে প্রায় ২০০টির মতো গর্ত দেখা গেছে। কক্সবাজার ট্রাকমালিক ঐক্য পরিষদের সভাপতি নঈমুল হক চৌধুরী বলেন, ‘গত জানুয়ারি মাস থেকে আমরা টেকনাফ থেকে পটিয়া পর্যন্ত সড়কে ট্রাকে পলিথিন বিছিয়ে লবণ পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি করে আসছি। কিন্তু প্রশাসন এর বাস্তবায়ন করছে না। এতে লবণপানি পড়ে সড়ক যেমন নষ্ট হচ্ছে, তেমনই দুর্ঘটনাও বাড়ছে।’ টেকনাফের বাসচালক শামসুল আলম জানান, সারা রাত ধরে এই সড়কে লবণবোঝাই শত শত ট্রাক চলাচল করে। ট্রাক থেকে ঝরে পড়া লবণপানিতে সড়ক পিচ্ছিল হয়ে যায়। যানবাহন চলাচলের সময় সামনে গাড়ি পড়লে বা বাঁক ঘোরার সময় লোকজন সামনে পড়লে ব্রেক করতে হয়। এ সময় পিচ্ছিল সড়কে ব্রেক করা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। লবণপানির কারণে ওই মহাসড়কে দুর্ঘটনা বাড়ার কথা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নুরে আলমও স্বীকার করেন। কক্সবাজার আন্তজেলা বাসশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, গত এক মাসে শুধু টেকনাফ সড়কেই ২০টির বেশি দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়। এর মধ্যে ৯০ ভাগ দুর্ঘটনা ঘটেছে লবণপানির কারণে সড়ক পিচ্ছিল হওয়ায়। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, শিগগিরই যৌথ অভিযান চালিয়ে লবণ বহনে এই অনিয়ম বন্ধ করা হবে।