লবণাক্ততা-সহিঞ্চু ধান-সবজির জাত উদ্ভাবন করুন: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা করা বাংলাদেশের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর ও আইলার ফলে দেশের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে, বেড়েছে লবণাক্ততা। তাই রাষ্ট্রপতি জিল্লুর রহমান পরিবর্তিত জলবায়ু উপযোগী ও লবণাক্ততা-সহিঞ্চু ধান ও সবজির জাত উদ্ভাবন করে তা সাধারণ কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান ওই আহ্বান জানান।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি সেশনজটমুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং দিন দিন এটি কৃষি শিক্ষায় ‘সেন্টার অব একসেলেন্স’-এর দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এখানে প্রতিবছর অধিক হারে মেয়েরা ভর্তি হচ্ছেন, যা অত্যন্ত আশাব্যঞ্জক।’রাষ্ট্রপতি কৃষিবিদদের উদ্দেশ করে বলেন, ‘কর্মজীবনে আপনারা যেখানে থাকুন না কেন, দেশমাতৃকার কথা ভুলবেন না, ভুলবেন না এ দেশের খেটে খাওয়া মানুষের কথা। মনে রাখবেন, তাদের ঘাম ঝরানো অর্থে আপনারা আজ এ পর্যায়ে এসেছেন। আপনারা আপনাদের মেধা, মনন ও কর্ম দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করলে এ ঋণ কিছুটা হলেও শোধ হবে।’আচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একটি নতুন ছাত্রী হল, বায়োটেকনোলজি গবেষণা প্রতিষ্ঠাসহ যানবাহন সংগ্রহের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কৃষিনীতির পরিচালক প্রভু পিঙ্গালি। স্বাগত ভাষণ দেন বাকৃবির উপাচার্য এম এ সাত্তার মণ্ডল।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাকৃবিতে আট বছর পর সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ষষ্ঠ সমাবর্তনে ২০০০ সাল থেকে ২০১০ সালের জুন পর্যন্ত ডিগ্রিপ্রাপ্তদের মোট সংখ্যা ১২ হাজার ৬৯৩ জন। এর মধ্যে স্নাতক ডিগ্রিধারী ৪৬৮ জন, স্নাতকোত্তর ডিগ্রিধারী ৯৮ জন এবং ৬২ জন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীকে মূল সনদ দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন অনুষদের ১৮ জন স্নাতক ডিগ্রিধারী এবং ১০৬ জন স্নাতকোত্তর ডিগিধারীকে স্বর্ণপদক দেওয়া হয়।মাত্স্যবিজ্ঞান অনুষদ থেকে ষষ্ঠ সমাবর্তনে স্নাতক পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত শিরিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘এ এক বিরল সম্মানের ব্যাপার। মেধার স্বীকতিস্বরূপ মহামান্য রাষ্ট্রপতি কতৃর্ক স্বর্ণপদকপ্রাপ্তি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে অনুপ্রেরণা জোগাবে।’