‘আমি নিজের চার বিঘা জমি ও বর্গা নেওয়া ১৫ বিঘা জমিতে ধান চাষ করতাম। বিঘাপ্রতি কুড়ি মণ ধান পেতাম। সেই ধান দিয়ে বছরের খোরাকি রেখে বিক্রিও করতাম। কিন্তু এখন জমিতে কোনো ধান হয় না। ধান চাষ করতে গিয়ে আমি ব্যাংকের কাছে ঋণী হয়ে পড়েছি। স্থানীয়ভাবে কর্মসংস্থান না হওয়ায় আমার চার ছেলে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে।’অত্যন্ত মলিন মুখে দীর্ঘশ্বাস ছেড়ে কথাগুলো বলেন বাগেরহাটের মংলা উপজেলার কৃষক কাজী রুহুল আমিন (৬০)। তাঁর বাড়ি চাঁদপাই ইউনিয়নের কাইনমারী গ্রামে। জানা যায়, ধান না হওয়ার প্রধান কারণ লবণাক্ততা। মংলা উপজেলার মাটি ও পানিতে লবণাক্ততা বেড়েই চলেছে। ফলে অনাবাদি হয়ে পড়ছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। হারিয়ে যাচ্ছে মাছ ও গাছ। অভাবের কারণে লোকজন এলাকা ছাড়ছে। এলাকাবাসী ও কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিরি-২৮, হীরা প্রভৃতি জাতের আমন ধান মাটি ও পানিতে ২ পিপিটি পর্যন্ত লবণ সহ্য করতে পারে। লবণসহিষ্ণু বিরি-৪৭ জাতের ধান লবণ সহ্য করতে পারে ৪ পিপিটি পর্যন্ত। কিন্তু ৮-১০ বছর ধরে মংলার নদী ও খালে মার্চ থেকে জুলাই পর্যন্ত গড়ে ১৮ থেকে ২০ পিপিটি এবং চিংড়িঘেরের পানিতে গড়ে ১২ থেকে ১৪ পিপিটি পর্যন্ত লবণ থাকে। ফলে এখানে ধানের আবাদ অসম্ভব হয়ে পড়েছে। মংলা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য অনুযায়ী, আমনপ্রধান মংলা উপজেলায় মোট কৃষিজমির পরিমাণ ১২ হাজার ৭০৫ হেক্টর। কিন্তু লোনাপানি জমে থাকায় দীর্ঘদিন ধরে প্রায় সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে ধান চাষ করা যাচ্ছে না। গত বছর মাত্র দেড় হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও লবণাক্ততা ও চিংড়িঘেরের কারণে তা অর্জিত হয়নি। ২০০৯-১০ অর্থবছরে বোরো মৌসুমে ১৬২ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয় মাত্র ৯ হেক্টর জমিতে। চলতি বোরো মৌসুমে মাত্র ১০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ২০০৯ সালে মংলার কৃষিজমিতে লবণাক্ততার মাত্রা মিটারপ্রতি সর্বোচ্চ ২৮ ডিএস রেকর্ড করা হয়েছে। ওই বছর ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার পরের দিন এখানকার পানিতে ২৫ পিপিটি লবণাক্ততা রেকর্ড করা হয়।মংলা উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মো. শহিদুজ্জামান বলেন, মংলা উপজেলার সর্বত্র লবণাক্ততার পরিমাণ বেড়ে গেছে। ফলে ধান হচ্ছে না। চিংড়িঘেরের কারণে আবদ্ধ পানির নিচে থাকা ফসলি জমিতে লবণ বসে যাচ্ছে। জোয়ার-ভাটায় পানিপ্রবাহ কমে যাওয়ায় এবং পলি পড়ে খালগুলো ভরাট হওয়ায় মাটিতে জমে থাকা লবণ কমানো যাচ্ছে না। সরকারিভাবে চলতি মৌসুমে ১০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু ফলন কম হওয়ায় চাষিরা বোরো চাষে আগ্রহী হচ্ছেন না।চাঁদপাই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বিনোদ মণ্ডল (৬১) জানান, ‘১৫ বছর আগেও আমরা ১০২ বিঘা জমিতে ধান চাষ করতাম। প্রতিবছর তিন থেকে সাড়ে তিন হাজার মণ ধান তুলতাম। আমাদের বাড়িতে হাজার মণ ধারণক্ষমতার তিনটি ধানের গোলা এখন শূন্য পড়ে থাকে। পুকুরে মাছ নেই। বাগানে ফলের গাছ নেই। চার-পাঁচ বছর ধরে ১০ বিঘা জমিতে ধান চাষ করে পনের-কুড়ি মণ ধান পাচ্ছি।’জানা যায়, ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মংলা উপজেলার লোকসংখ্যা প্রায় দেড় লাখ। এখানকার বেশির ভাগ মানুষ কৃষি ও মৎস্যজীবী। মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং ব্যাপক চিংড়ি চাষের কারণে মাটি ও পানিতে লবণাক্ততা বাড়ছে। বিকল্প কর্মসংস্থানের অভাবে এলাকার দরিদ্র ও প্রান্তিক আয়ের অনেক মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। তিনি আরও জানান, বেড়িবাঁধ না থাকায় তিন-চার বছর ধরে বর্ষাকালে অস্বাভাবিক জোয়ারে মংলা পৌরসভাসহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে এলাকার ফলদ ও বনজ গাছপালা মরে যাচ্ছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে নিকট ভবিষ্যতে মংলা একটি বিরান এলাকায় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।চিলা খালের পাড়ে দক্ষিণ কাইনমারী গ্রামের অনিতা হালদার (৩২) এবং কালিকাবাড়ী গ্রামের রুনু মিত্র (৪০) ও বিশাখা মণ্ডল (৩১) বলেন, অক্টোবর-নভেম্বর মাসে চিলা খালের পানি থাকত মিষ্টি। কিন্তু এখন ওই দুই মাসে পানি থাকে বেশ লবণাক্ত। চিলা খালে প্রবল স্রোত ছিল, মাছও ছিল প্রচুর। এখন সেই স্রোতও নেই, মাছও নেই।দক্ষিণ কাইনমারী গ্রামের জেলে লিটন বিশ্বাস (৩৩) বলেন, ‘সুন্দরবনের খালে তিন বছর আগে যে মাছ পেয়েছি এখন তার অর্ধেকও পাই না। চারজনের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।’জলবায়ু পরিবর্তনজনিত কারণে সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ বিপন্ন হওয়ার কথা নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়ায় সেখানে অনেক প্রজাতির মাছ কমে গেছে। তা ছাড়া মৎস্যজীবীর সংখ্যাও বেড়ে গেছে এবং মাছ ধরার আধুনিক বিভিন্ন উপকরণের কারণে নির্বিচারে মাছ শিকার হচ্ছে। মাছের প্রজনন বাড়াতে সুন্দরবনের কটকা ও কচিখালী অভয়ারণ্য এলাকাসহ বনের বিশেষ ১৮টি খালে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কায়েম উদ্দিন প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাগেরহাটে প্রধান ফসল আমন ধানের উৎপাদন ক্রমেই হ্রাস পাচ্ছে। সব থেকে বেশি প্রভাব পড়ছে উপকূলীয় উপজেলা মংলা, রামপাল, শরণখোলা ও মোরেলগঞ্জে। জেলায় গত পাঁচ বছরে আমন ধানের আবাদি জমির পরিমাণ কমেছে ৩৪ হাজার ৮৪০ হেক্টর।