লবণের দাম কেজিতে কমল তিন টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের লবণের দাম কেজিতে তিন টাকা করে কমানোর ঘোষণা দিয়েছে লবণ মিল মালিকদের সমিতি। দু-এক দিনের মধ্যে কমানো দামে লবণ কিনতে পারবেন ক্রেতারা।রাজধানীর মতিঝিলে সমিতির কার্যালয়ে আজ সোমবার বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সাবেক সভাপতি ও পূবালী সল্ট ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী পরিতোষ কান্তি সাহা সাংবাদিকদের এ তথ্য জানান।লবণ মিল মালিকেরা গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে লবণের দাম কমানোর আশ্বাস দেন। এর পরই দাম কমানোর এই ঘোষণা দেওয়া হলো।গত কয়েক মাস ধরেই বিভিন্ন ব্র্যান্ডের লবণ বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে এখন ভ্যাকুয়াম ইভাকুয়েশন, মেকানিক্যাল ও সনাতনী পদ্ধতিতে পরিশোধিত—এই তিন ধরনের লবণ বিক্রি হচ্ছে। ভ্যাকুয়াম ইভাকুয়েশন পদ্ধতির লবণ ৩৩ টাকা, মেকানিক্যাল পদ্ধতির লবণ ৩০ টাকা ও সনাতনী পদ্ধতির লবণ ১৫ থেকে ১৮ টাকায় বিক্রি হচ্ছে। এখন থেকে সব ধরনের লবণের দাম কমবে তিন টাকা করে।সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, গত এক মাসে লবণের দাম বেড়েছে ১৫ শতাংশ এবং এক বছরে বেড়েছে ৬৫ শতাংশ। এক বছর আগে প্যাকেটজাত লবণের কেজি ছিল ১২ থেকে ২০ টাকা।পরিতোষ কান্তি সাহা বলেন, আজ থেকে নতুন প্যাকেটের গায়ে কম দাম লেখা শুরু হয়েছে। এটা ক্রেতাদের হাতে পৌঁছাতে দু-এক দিন সময় লাগবে।চলতি মৌসুমে বিসিক ১৪ লাখ ৩৭ হাজার টন লবণ উত্পাদনের লক্ষ্যমাত্রা ঠিক করে। তবে উত্পাদন হয় প্রায় ১২ লাখ টন। আরেক বছরের মজুদ দুই লাখ টনসহ সব মিলিয়ে লবণের মজুদ এখন ১৪ লাখ টন। ঘাটতি বিবেচনায় বিসিক এ বছর দুই লাখ টন লবণ আমদানির প্রস্তাব করে। তার পরিপ্রেক্ষিতে ৫ জুন বাণিজ্য মন্ত্রণালয় মিল মালিকদের জন্য লবণ আমদানি উন্মুক্ত করে দেয়। এ জন্য ৩০ জুন পর্যন্ত তাদের সময় বেঁধে দেওয়া হয়।