লবণের ন্যায্যমূল্য নিশ্চিত ও আমদানি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংসার চালানোর জন্য আমরা বাধ্য হয়ে প্রতি কেজি লবণ দুই টাকারও কমে বিক্রি করে দিচ্ছি। অথচ বাজারে প্রতি কেজি প্যাকেটজাত লবণ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকায়। চাষিদের ঠকিয়ে মধ্যস্বত্বভোগী একটি চক্র লাভবান হচ্ছে।’লবণের ন্যায্যমূল্যের দাবিতে গত শনিবার বিকেলে কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন লবণচাষি আবু সৈয়দ। তাঁর মতো আরও কয়েক হাজার চাষি এই কর্মসূচিতে অংশ নেন। তাঁরা লবণ আমদানি বন্ধের দাবি জানান। চাষিরা কয়েক মেট্রিক টন লবণ খালের পানিতে ফেলে প্রতিবাদ জানান। লবণচাষিরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচির আয়োজন করেন।চাষিদের সমাবেশ থেকে ন্যায্যমূল্য নিশ্চিত করতে লবণ বোর্ড গঠন, ভারত থেকে লবণ আমদানি বন্ধ, মিয়ানমার থেকে চোরাই পথে পাচার প্রতিরোধ এবং বাজারে উচ্চমূল্যে প্যাকেটজাত লবণ বিক্রির কারণ অনুসন্ধানের দাবি জানানো হয়।লবণচাষিদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় (কক্সবাজার সদর-রামু) সাংসদ লুৎফুর রহমান কাজল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সলিমুল্লাহ বাহাদুর, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ প্রমুখ।সাংসদ লুৎফর রহমান বলেন, কক্সবাজারে গত মৌসুমে প্রায় ১৫ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে, যা দেশের মোট চাহিদার চেয়েও দুই লাখ টন বেশি। অথচ ভারত থেকে লবণ আমদানি অব্যাহত রয়েছে। এই কারণেই চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ৪০-৫০ হাজার প্রান্তিক চাষির পরিবার। চাষিরা লবণ উৎপাদন বন্ধ করে দিলে বিদেশ থেকে সরকারকে প্রতিবছর এক হাজার কোটি টাকার লবণ আমদানি করতে হবে।ইসলামপুর লবণশিল্প এলাকার চাষি আবু সৈয়দ আরও বলেন, ‘আজ আমরা দাবি জানাচ্ছি, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে দেশের মানুষকে প্রতি কেজি লবণ পাঁচ টাকায় খাওয়ানোর ব্যবস্থা করা হোক। এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হলেও অন্তত সারা দেশের মানুষ লাভবান হবে। দেশের মানুষ লাভবান হলে আমরা খুশি।’কক্সবাজারে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) লবণশিল্প উন্নয়ন প্রকল্পের মহাব্যবস্থাপক সালাহউদ্দিন চৌধুরী জানান, দেশে লবণের মোট চাহিদা প্রায় ১৩ লাখ মেট্রিক টন। অথচ গত মৌসুমে (জানুয়ারি-মে) কক্সবাজারের আটটি এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় উৎপাদিত হয়েছে ১৫ লাখ ১৩ হাজার মেট্রিক টন লবণ। উপকূলীয় এলাকার প্রায় ৫০ হাজার চাষিসহ প্রায় পাঁচ লাখ মানুষ লবণ উৎপাদন, বিপণন ও শিল্পের সঙ্গে জড়িত।ইসলামপুর লবণ মিল মালিক সমিতির সভাপতি আবদুল কাদের বলেন, ‘দীর্ঘ ৩০ বছর মাঠে লবণ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন করে আসছি। কিন্তু এখনকার মতো পরিস্থিতি অতীতে আর দেখা যায়নি। প্রতি মণ সাদা লবণ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। আর কালো (অপরিশোধিত) লবণ ৫০-৬০ টাকায়। যদিও প্রতি মণ লবণের বিপরীতে উৎপাদন খরচ পড়ে ৮২ টাকার মতো। ফলে এলাকার ৪৫টি কারখানার মধ্যে ৩০টি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। বেকার হয়েছে ১০ হাজারের মতো লবণশ্রমিক।’আবদুল কাদের আরও জানান, ইসলামপুরসহ কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন স্থানে বর্তমানে পাঁচ লাখ মেট্রিক টন লবণ পড়ে আছে। আগামী ডিসেম্বর থেকে লবণ উৎপাদনের নতুন মৌসুম শুরু হবে। এর আগে এই লবণ বিক্রি করা সম্ভব না হলে ৪০ হাজারের বেশি চাষি নতুন করে চাষাবাদে নামতে সমস্যায় পড়বেন।অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ, কক্সবাজার এবং চট্টগ্রাম ও মিয়ানমারের শতাধিক চোরাচালানি সিন্ডিকেট করে মিয়ানমার থেকে কার্গো বোঝাই করে সমুদ্রপথে চোরাই লবণ নিয়ে আসছে। এ লবণ তারা সরবরাহ করছে ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, ঝালকাঠিসহ দেশের বিভিন্ন স্থানে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম জানান, গভীর সমুদ্র দিয়ে চোরাইপথে লবণ নিয়ে আসা হলে পুলিশের করার কিছু থাকে না। কারণ গভীর সমুদ্রে নেমে চোরাচালান প্রতিরোধ করার মতো জলযান পুলিশের নেই।