লর্ড ব্রকওয়ের ছয় দফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ লর্ডস সভার সদস্য ব্রিটেনে ঔপনিবেশিক মুক্তি আন্দোলনের প্রাণপুরুষ লর্ড ফেনার ব্রকওয়ে ৪ এপ্রিল ১৯৭১ উন্মুক্ত জনসভায় বলেন, তিনি তাঁর শৈশব কাটিয়েছেন বাংলায় এবং নিজেকে সব সময় বাংলার বন্ধু হিসেবে শনাক্ত করে থাকেন। ইতিহাস খতিয়ে দেখলে অবশ্যই বলা যাবে স্বাধীন পাকিস্তান সৃষ্টির পেছনে ব্রিটিশদের এমন কোনো ইচ্ছে ছিল না যে পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী শাসনের অধীনে থাকবে। পূর্ব বাংলায় যে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটানো হচ্ছে তিনি অবিলম্বে তা বন্ধ করার দাবি জানান।লর্ড ব্রকওয়ে ছয় দফা দাবি পেশ করেন।১। পূর্ব বাংলার দুর্গতদের জন্য এখনই কার্যকরী ত্রাণ পাঠাতে হবে।২। সব রাজনৈতিক বন্দীর মুক্তি নিশ্চিত করতে হবে।৩। পাকিস্তানি সেনাবাহিনীকে গুলি বন্ধের আদেশ দিয়ে পূর্ব বাংলা থেকে প্রত্যাহার করতে হবে।৪। অবিলম্বে জাতীয় পরিষদের অধিবেশন ডেকে স্বাধীনভাবে জনগণের ভবিষ্যত্ নির্ধারণের ভার নির্বাচিত গণপ্রতিনিধির হাতে তুলে দিতে হবে।৫। পূর্ব বাংলার পরিস্থিতি বিশ্ব শান্তির প্রতি হুমকি বিবেচনা করে অবিলম্বে জাতিসংঘের সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন।৬। ১৯৭১ সালের জানুয়ারিতে কমনওয়েলথ সম্মেলনে সিঙ্গাপুর ঘোষণায় পাকিস্তানও সম্মতি দাতা দেশ। ব্রিটেন, কানাডা, ভারতের মতো জ্যেষ্ঠ কমনওয়েলথ সদস্য দেশ সক্রিয় থেকে কমনওয়েলথ সচিবালয়ের মাধ্যমে পূর্ব বাংলার ঘটনা তুলে ধরার জন্য ঘটনা অনুসন্ধানী দল—ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাবে।নিরাপত্তা পরিষদে পূর্ব বাংলার পরিস্থিতি উত্থাপনের ভারতীয় প্রস্তাবের প্রতি লর্ড ব্রকওয়ে জোর সমর্থন প্রদান করেন।