লর্ডস হবে পাকিস্তানের ‘হোম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসে টেস্ট হচ্ছে, অথচ কোনো দলের নামই ইংল্যান্ড নয়! অবিশ্বাস্য এ দৃশ্যটি দেখতে পাবেন এ বছরই। একের পর এক বিভিন্ন দেশের সফর বাতিলে কোণঠাসা পাকিস্তান নিরুপায় হয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্য দেশের মাটিতে হোম সিরিজ খেলার। এই তো সেদিনই নিউজিল্যান্ডের বিপক্ষে ‘হোম’ সিরিজ খেলল তারা নিউজিল্যান্ডের মাটিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘হোম’ সিরিজটা অবশ্য অস্ট্রেলিয়ায় খেলতে হচ্ছে না। ‘হোম’ হিসেবে এবার পেয়েছে তারা ইংল্যান্ডকে। দুই টেস্টের প্রথমটি লর্ডসে ১১ জুলাই, পরেরটি ২১ জুলাই, হেডিংলিতে। নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট অবশ্য পাকিস্তানের সৌজন্যে আগেও দেখেছে ক্রিকেট। এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০২ সালে শারজা ও কলম্বোতে খেলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে ‘হোম’ সিরিজটাও ইংল্যান্ডে খেলবে পাকিস্তান। নিজ দেশের মাটিতে খেলতে না পারলেও পাকিস্তানের একটা সান্ত্বনা, অন্তত খেলার জন্য এ বছর হাহাকার করতে হবে না তাদের।