লস্কর-ই তাইয়েবার আরেক বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তাইয়েবার আরেক বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মাওলানা মো. ইমরান (৪৩), বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার পাইকপাড়া গ্রামে।র‌্যাবের দাবি, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় র‌্যাব-১১-এর সদস্যরা ঢাকার অদূরে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে মাওলানা ইমরানকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে বৈদেশিক জাল মুদ্রা, পাসপোর্ট, বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড, পাকিস্তানি ভাষায় ধারণকৃত দুটি ভিডিও সিডি ও জিহাদে উদ্বুদ্ধকরণ বইপত্র উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১ কার্যালয়ে সংবাদমাধ্যমের সামনে গ্রেপ্তার হওয়া এ জঙ্গিকে হাজির করা হয়।সংবাদ ব্রিফিংয়ে র‌্যাব-১১-এর পরিচালক লে. কর্নেল গাজী মো. আহসানুজ্জামান দাবি করেন, মাওলানা ইমরান পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তাইয়েবার বাংলাদেশের সমন্বয়কারী। তিনি বেশকিছু দিন ধরে সিদ্ধিরগঞ্জ মাদানীনগর এলাকায় রয়েছেন। তিনি বলেন, ‘ইমরান বহুবার পাকিস্তানে গেছেন। যা থেকে প্রতীয়মান হয়, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তাঁর গভীর যোগাযোগ রয়েছে।’ র‌্যাবের সংবাদ ব্রিফিংয়ে আরও বলা হয়, ইমরান বাংলাদেশে লস্কর-ই তাইয়েবার নতুন সদস্য সংগ্রহ এবং তাদের পাকিস্তান পাঠানোর জন্য পাসপোর্ট ও ভিসা তৈরির কাজ করেন। তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার চর হিসেবে প্রাথমিকভাবে কাজ শুরু করেছিলেন। পরে লস্কর-ই তাইয়েবার সঙ্গে জড়িত হয়। তিনি নিয়মিত জঙ্গি সংগঠনের অর্থ লেনদেনের সঙ্গে জড়িত এবং এই অর্থ জঙ্গি কার্যক্রমে ব্যবহার করা হন।সংবাদ ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, এর আগে ঢাকায় লস্কর-ই তাইয়েবার যেসব পাকিস্তানি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের কাছ থেকেও এ ইমরান সম্পর্কে তথ্য পাওয়া যায়। ওই তদন্তের ধারাবাহিকতাতেই জঙ্গি ইমরান ধরা পড়েছে। তবে সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, দেশের প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় ও সমন্বয়ে কয়েক দিন আগে র‌্যাব জঙ্গি ইমরানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার হওয়া জঙ্গি ইমরান পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স (আইএসআই) চর হিসেবে বাংলাদেশে কাজ করতেন।