লস্কর-ই-তাইয়েবার আরেক পাকিস্তানি জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার আরেক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁর নাম ওয়াজেদ খান ওরফে জাফর ওরফে সালমান (২৭)। তিনি পাকিস্তানি নাগরিক।র‌্যাব জানিয়েছে, র‌্যাবের একটি দল বিশেষ গোয়েন্দা সংস্থার সহযোগিতায় গত শুক্রবার মধ্যরাতে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর এলাকা থেকে ওয়াজেদ খানকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর বাংলাদেশি সহযোগী আবু বক্কর সিদ্দিক ওরফে বাকারকেও (৪৯) গ্রেপ্তার এবং উচ্চক্ষমতাসম্পন্ন ৩০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। বাকার ঢাকায় বসবাসকারী বিহারি (আটকে পড়া পাকিস্তানি)।গ্রেপ্তার হওয়া ওয়াজেদ খান ও বাকারকে গতকাল শনিবার দুপুরে র‌্যাবের সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তবে তাঁদের সঙ্গে সাংবাদিকদের কোনো কথা বলতে দেওয়া হয়নি।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল সাংবাকিদের বলেন, বাংলাদেশে লস্কর-ই-তাইয়েবাবিরোধী চলমান অভিযানে এ দুজন ধরা পড়েছেন। তিনি বলেন, গত ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া লস্কর-ই-তাইয়েবার বাংলাদেশের সমন্বয়কারী মাওলানা ইমরানের দেওয়া তথ্য মোতাবেক ৬ অক্টোবর ভোরে সাভারের শাহীবাগ এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। পরে ইমরানকে বিস্ফোরকের ব্যাপারে আরও জিজ্ঞাসাবাদ করলে তিনি ওয়াজেদ খান ও বাকারের সংশ্লিষ্টতার কথা জানান। এরপর শুক্রবার রাতে আবদুল্লাহপুর থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে ওয়াজেদ খান জানান, তিনি বিস্ফোরক তৈরির ওপর পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি পাকিস্তানের লাহোরে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ওলেমা কোর্সে পড়ার সময় আবদুল করিম টুন্ডার হাত ধরে লস্কর-ই-তাইয়েবায় যোগ দেন। টুন্ডার নির্দেশেই ওয়াজেদ খান গত ৭ এপ্রিল ঢাকায় আসেন। সংগঠনের নির্দেশ অনুযায়ী, ঢাকায় এসে তিনি মাওলানা ইমরানের সঙ্গে দেখা করেন। ইমরান তাঁকে মোহাম্মদপুরে বাকারের বাসায় নিয়ে যান। ওই বাসায় অবস্থান করে ওয়াজেদ বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরি শুরু করেন। বিস্ফোরক তৈরির উপাদান ইমরান পুরান ঢাকার কেমিক্যালের দোকান থেকে কিনতেন। ওয়াজেদ কিছুদিন পর ২৬ জুন পাকিস্তানে ফিরে যান এবং ২২ আগস্ট আবার ঢাকায় ফিরে আসেন।র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকে পড়া পাকিস্তানি (বিহারি) বাকার ২০০৭ সালে মাওলানা ইমরানের সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় জাল মুদ্রার ব্যবসা শুরু করেন। ইমরানের পরামর্শে বাকার গত বছর মে মাসে রাজধানীর আদাবর এলাকায় একটি সাবান তৈরির কারখানা গড়ে তোলেন। সাবান কারখানার সুযোগে তাঁরা রাসায়নিকের মজুদ গড়ে তোলেন। বাকারের কাছ থেকে উদ্ধার করা বাংলাদেশি পাসপোর্ট থেকে দেখা যায়, তিনি এ পর্যন্ত আটবার পাকিস্তান এবং তিনবার ভারতে যাতায়াত করেছেন।প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর বিমানবন্দর স্টেশন এলাকা থেকে লস্কর-ই-তাইয়েবার সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ ওরফে জি এম (৪৫) ও কাশ্মীরের হিজবুল মুজাহিদিনের সদস্য সাফি ওরফে সামিউল্লাহ ওরফে মোস্তাককে (৩০) গ্রেপ্তার করা হয়। তার আগে ২ অক্টোবর রাজধানীর একটি হোটেল থেকে লস্কর-ই-তাইয়েবার সন্দেহভাজন এক জঙ্গিসহ পাকিস্তানি তিন নাগরিককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।