লস্কর-ই-তাইয়েবার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে আইএসআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সঙ্গে জঙ্গি দল লস্কর-ই-তাইয়েবার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এমনকি আইএসআই মুম্বাইয়ে গত ২৬/১১-এর হামলার জন্য দায়ী লস্কর-ই-তাইয়েবাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। লস্কর-ই-তাইয়েবার নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইসলামাবাদের তত্পরতা নেই বললেই চলে। মার্কিন গবেষণাবিদ ও দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের এই তথ্য জানান। আজ বৃহস্পতিবার ‘পাকিস্তানে লস্কর-ই-তাইয়েবা ও ইসলামি জঙ্গি দলের উত্থান’ বিষয়ে কংগ্রেসের একটি বিশেষ শুনানিতে যোগ দিয়ে তাঁরা এসব তথ্য দেন। পিটিআইর খবরে এ কথা জানা গেছে। কংগ্রেস সদস্যরা জানান, ওবামা প্রশাসন যথেষ্ট উদ্যোগ নেওয়া সত্ত্বেও আইএসআই লস্কর-ই-তাইয়েবার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করছে না। বরং আইএসআইর সঙ্গে জঙ্গি দলটির গোপন যোগাযোগ আছে। আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক হাউস কমিটির মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক হাউস সাব-কমিটির চেয়ারম্যান গ্যারি এল অ্যাকারমেন বলেন, পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গেও জঙ্গি দল লস্কর-ই-তাইয়েবার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এ কারণেই পাকিস্তানের সেনাবাহিনী আর্থিকভাবে সংঘবদ্ধ ও উগ্রপন্থী দলটিকে প্রশ্রয় দিয়ে আসছে এবং এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অত্যাধুনিক অস্ত্র দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর উন্নয়নে ওবামা সহায়তা করা সত্ত্বেও তারা জঙ্গি দলকে প্রশ্রয় দিচ্ছে। কংগ্রেসের এই কমিটিতে ওয়াশিংটনভিত্তিক পরামর্শবিষয়ক প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যের মার্ভিন জি উইনবাম জানায়, আইএসআই জঙ্গি দল লস্কর-ই-তাইয়েবাকে সম্পদ হিসেবে ব্যবহার করছে। আইএসআই লস্কর-ই-তাইয়েবাকে সুরক্ষা দিচ্ছে বলেও তিনি মতপ্রকাশ করেন। তিনি আরও বলেন, এ কারণেই জঙ্গি দল লস্কর-ই-তাইয়েবার প্রধান হাফিজ মোহাম্মদ সায়্যিদ ধরা পড়ছে না এবং লস্কর-ই-তাইয়েবা পাকিস্তানে একের পর এক শক্তিশালী ঘাঁটি তৈরি করছে। উইনবামের সঙ্গে একমত পোষণ করে হেরিটেজ ফাউন্ডেশনের লিসা কার্টিস বলেন, সম্প্রতি একটি জনসমাবেশে লস্কর-ই-তাইয়েবার প্রধান হাফিজ মোহাম্মদ সায়্যিদের উপস্থিতি থেকে সন্দেহ জাগে যে পাকিস্তান আদৌ জঙ্গিদের ধরতে কোনো প্রচেষ্টা চালাচ্ছে কি না। লস্কর-ই-তাইয়েবার তত্পরতা বন্ধে পাকিস্তান যে উদ্যোগ নিচ্ছে না, তাকে মার্কিন নীতির ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছেন কার্টিস। এসব বিষয় থেকে এটা স্পষ্ট যে লস্কর-ই-তাইয়েবা যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। মুম্বাই হামলা থেকে এটা স্পষ্ট যে লস্কর-ই-তাইয়েবা চাইলে যেকোনো সময় বিশ্বের যেকোনো স্থানে হামলা চালানোর ক্ষমতা রাখে। তাই এই জঙ্গি দলটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের জন্য ভয়ানক হুমকি হতে পারে। এদিকে পাকিস্তানের প্রখ্যাত গবেষক সুজা নওয়াজ বলেন, আইএসআই ও লস্কর-ই-তাইয়েবার মধ্যে ঘনিষ্ঠ যোগসাজশ রয়েছে। যুক্তরাষ্ট্রের দ্য আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া সেন্টারের পরিচালক নওয়াজ আরও বলেন, লস্কর-ই-তাইয়েবা আঞ্চলিক পর্যায়ে তাদের শক্তি বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ভারত ও আফগানিস্তানে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া (এসআইএমআই) এবং বাংলাদেশে হরকাতুল জিহাদের (হুজি) সঙ্গে তাঁরা যোগাযোগ স্থাপন করে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। লস্কর-ই-তাইয়েবা যদি মুম্বাইয়ের মতো আরেকটি হামলা চালায় তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ অবসম্ভাবী বলে মনে করছেন নওয়াজ । তিনি বলেন, পাকিস্তানের সাধারণ জনগণ ও সেনাবাহিনী অভ্যন্তরীণ জঙ্গিবাদের হুমকির মুখে রয়েছে। কার্নেজ এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ঊধ্বর্তন কর্মকর্তা এশলে জে টেলিস বলেন, লস্কর-ই-তাইয়েবা জানে যে আইএসআই তাদের জন্য স্বর্গরাজ্য। তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে স্থিতিশীলতা রক্ষার জন্য পাকিস্তানের সেনাবাহিনী ও নিরাপত্তাকর্মীদের জঙ্গি দমনে সচেষ্ট থাকতে হবে। আর তা না হলে এ অবস্থায় জঙ্গি দমনের জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানকে চাপ দিতে বাধ্য হবে। প্রয়োজনে যুক্তরাষ্ট্র মিত্রদেশগুলোর সঙ্গে একত্রে লস্ক-ই-তাইয়েবার মতো জঙ্গি দলকে দমন করতে পদক্ষেপ নেবে। পাকিস্তান ও ভারতের দ্বিপক্ষীয় সংকট দূর করতে এবং যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর নিরাপত্তার স্বার্থেই এমনটা করা দরকার হবে বলে মনে করছেন তিনি ।