লস্কর-ই-তাইয়েবার সন্দেহভাজন জঙ্গিসহ তিন পাকিস্তানি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লস্কর-ই-তাইয়েবার এক সন্দেহভাজন জঙ্গিসহ তিন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন মো. সেলিম ওরফে খুররম (৪২), আবদুল মালেক (৩১) ও ইমরান (৩১)। তাঁদের গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর ইমপিরিয়াল হোটেল থেকে গ্রেপ্তার করে ডিবি। ডিবির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া সেলিম ওরফে খুররম পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার অন্যতম সংগঠক। তাঁর পাসপোর্টে নাম লেখা রয়েছে মো. সেলিম। গ্রেপ্তার হওয়া তাঁর দুই সহযোগীও পাকিস্তানি পাসপোর্টে এ দেশে এলেও তাঁদের প্রকৃত পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি ডিবি। গ্রেপ্তার হওয়া তিনজনকেই গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে ডিবি। আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।আগে গতকাল সকালে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এই তিনজনকে সংবাদ সম্মেলনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনেরই পাকিস্তানি পাসপোর্ট রয়েছে। এঁদের মধ্যে সেলিমের আসল নাম খুররম বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। এই খুররম লস্কর-ই-তাইয়েবার অন্যতম সংগঠক। তিনি দীর্ঘদিন বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জঙ্গি সংগঠনের মধ্যে সমন্বয়ের কাজ করে আসছিলেন। ডিবি পুলিশের উপকমিশনার বলেন, গত বছর ডিবির হাতে গ্রেপ্তার হওয়া ভারতীয় জঙ্গি মুফতি ওবায়দুল্লাহ, মাওলানা এমদাদুল্লাহ, পাকিস্তানি নাগরিক সুফিয়ানসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করে খুররমের নাম পাওয়া যায়। কিছুদিন আগে ডিবি গোপন সূত্রে খবর পায় যে, খুররম ভিন্ন নামে পাকিস্তানি পাসপোর্ট বানিয়ে ব্যবসার ছলে বাংলাদেশে যাতায়াত করছেন এবং এখানে লস্কর-ই-তাইয়েবাকে সংগঠিত করার চেষ্টা চালাচ্ছেন।অভিযান পরিচালনাকারী ডিবির সহকারী কমিশনার গোলাম আজাদ খান বলেন, শনিবার বিকেলে খবর আসে যে হোটেল ইমপিরিয়ালে কিছু জাল মুদ্রা কারবারি উঠেছেন। সেখানে বড় অঙ্কের লেনদেন চলছে। এই খবর পেয়ে তাঁরা দ্রুত হোটেলের ষষ্ঠ তলার ৬০৫ নম্বর কক্ষে অভিযান চালান। সেখান থেকে কোনো জাল মুদ্রা উদ্ধার হয়নি। তবে কয়েকটি লাগেজভর্তি ইন্দোনিশান, কোরিয়ান ও জাপানি সিগারেট, কানাডায় তৈরি ফেসওয়াশ উদ্ধার করা হয়।ডিবির কর্মকর্তারা জানান, অভিযানের আগেই গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিপুল পরিমাণ জাল মুদ্রা স্থানীয় এক সহযোগীর কাছে হস্তান্তর করেছেন। কর্মকর্তাদের দাবি, তাঁরা জাল মুদ্রার চালান গ্রহণকারী স্থানীয় ওই সহযোগীকে শনাক্ত করেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মনিরুল ইসলাম গ্রেপ্তার হওয়া তিনজন সম্পর্কে বলেন, এঁরা বিভিন্ন ব্যবসার ছলে বাংলাদেশে আসেন, বিশেষ করে অবৈধ ব্যবসা। যাতে ধরা পড়লে চোরাচালানি হিসেবে চিহ্নিত হন এবং প্রকৃত পরিচয় আড়াল করতে পারেন। তিনি বলেন, পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে এ দেশে এলেও সেলিম ওরফে খুররম আসলে পাকিস্তানি না ভারতীয় নাগরিক, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তার হওয়া তাঁর অপর দুই সহযোগী মালেক ও ইমরানের পাসপোর্টে উল্লিখিত পরিচয় সঠিক কি না, তা গতকাল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের আসল পরিচয় বের করার চেষ্টা চলছে।সেলিমের পাসপোর্ট পর্যালোচনা করে দেখে গেছে, চলতি বছরের গত নয় মাসে প্রতি মাসে তিনি এক বা একাধিকবার বাংলাদেশে এসেছেন। এর মধ্যে মে ও জুন মাসে বেশি যাতায়াত করেছেন। ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম লস্কর-ই-তাইয়েবার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। প্রশ্নের জবাবে উর্দুভাষী সেলিম দাবি করেন, তিনি পাকিস্তান থেকে মেয়েদের কাপড়, থ্রিপিস ইত্যাদি এনে বাংলাদেশে বিক্রি করেন। তাই তাঁকে ঘন ঘন আসা-যাওয়া করতে হয়। এই প্রথম সিগারেট ও প্রসাধনীর চালান নিয়ে এসে ধরা পড়েছেন। তবে এসব সিগারেট ও প্রসাধনীর চালানের বৈধতার কোনো কাগজ সেলিম পুলিশকে দেখাতে পারেননি বলে স্বীকার করেছেন। সেলিম জানান, তাঁর আসল নামই সেলিম। তবে বাড়িতে বাবা-মা আদর করে তাঁকে খুররম নামে ডাকেন। পাকিস্তানের করাচিতে তাঁর জন্ম। সেখানেই তিনি বাস করেন। সেখানে দোকান ও ব্যবসা রয়েছে বলেও দাবি করেন।