লস্কর ও হিজবুল মুজাহিদিনের দুই জঙ্গি গ্রেপ্তার
বিদেশি জঙ্গিগোষ্ঠীর আরও দুই সন্দেহভাজন ব্যক্তিকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ ওরফে জিএম (৪৫) ও পাকিস্তানি নাগরিক সাফি ওরফে সামিউল্লাহ ওরফে মোস্তাক (৩০)। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর বিমানবন্দর স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া মালেক পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিসংগঠন লস্কর-ই-তাইয়েবার সমন্বয়ক এবং সাফি ভারতের কাশ্মীরে তৎপর জঙ্গিসংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য। মালেক বাংলাদেশি নাগরিক। সাফি পাকিস্তানি নাগরিক, তবে তাঁর জন্ম ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে।র্যাব সূত্র জানায়, একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাব-১ যৌথ অভিযান চালিয়ে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তাঁদের গতকাল বিকেলে র্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া মালেক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তাঁর বাড়ি সীমান্তবর্তী এলাকা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামে। তিনি ১৯৭৯ সালে ১৪ বছর বয়সে কলকাতায় গিয়ে দিনমজুরের কাজ শুরু করেন। পরবর্তী সময়ে জিহাদে উদ্বুদ্ধ হয়ে ২০০০ সালে তিনি লস্কর-ই-তাইয়েবায় যোগ দেন এবং ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর হয়ে পাকিস্তান যান। সেখানে লস্করের শিবিরে তিন মাস প্রশিক্ষণ নেন তিনি।র্যাবের মহাপরিচালক জানান, ২০০৩ সালে লস্করের সাংগঠনিক সিদ্ধান্তে মালেক ঢাকায় আসেন। ঢাকায় তাঁর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল আরেক পাকিস্তানি জঙ্গি মাজেদ ভাটের। কিছুদিন পর মাজেদ ভাটের নির্দেশে মালেক সাংগঠনিক কাজে আবার কলকাতায় যান। ২০০৬ সালে মাজেদ গ্রেপ্তার হলে সংগঠনের নির্দেশে মালেক আবার ঢাকায় ফিরে আসেন। এরপর মালেক বাংলাদেশের সাতক্ষীরা ও ভারতের চব্বিশ পরগনায় অবস্থান করে লস্কর-ই-তাইয়েবার সমন্বয়কের দায়িত্ব পালন করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, জিজ্ঞাসাবাদে মালেক জানিয়েছেন যে মাজেদ ভাট গ্রেপ্তার হওয়ার পর তাঁর মাধ্যমে লস্করের শীর্ষনেতা শাকিল ওরফে শাহেদ পাকিস্তান থেকে মাজেদের স্ত্রীর জন্য ভরণপোষণের টাকা পাঠাতেন। মালেক একে-৪৭ রাইফেল, মর্টার ও স্নাইপার রাইফেল (দূর থেকে লক্ষ্যভেদ করতে পারে এ রকম অস্ত্র) চালাতে পারেন।প্রসঙ্গত, আবু ইউসুফ ভাট ওরফে মাজেদ ভাট ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার আছেন। পুলিশের নথিপত্র অনুযায়ী, মাজেদ ভাটকে গত বছরের জানুয়ারিতে উত্তরায় তাঁর ভাড়া বাসা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। মাজেদ কাশ্মীরের এখনকার সবচেয়ে বড় জঙ্গিসংগঠন হিজবুল মুজাহিদিনের সশস্ত্র জঙ্গি। পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে তাঁর বাড়ি। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি মাওলানা তাজউদ্দিনের সহযোগিতায় তিনি ঢাকায় আসেন এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে হামলার জন্য তাজউদ্দিনের মাধ্যমে গ্রেনেড সরবরাহ করেছেন।গতকাল গ্রেপ্তার হওয়া অপর জঙ্গি সাফি সম্পর্কে র্যাবের মহাপরিচালক বলেন, সাফির জন্ম ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে। ২০০১ সালে তিনি হিজবুল মুজাহিদে যোগ দেন এবং পাকিস্তানের মোজাফফরাবাদে লস্করের শিবিরে প্রশিক্ষণ নেন। সাফি সম্প্রতি বাংলাদেশে এসে মালেকের তত্ত্বাবধানে ছিলেন।প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে লস্কর-ই-তাইয়েবার আরেক জঙ্গি মাওলানা মো. ইমরানকে (৪৩) গ্রেপ্তার করে র্যাব। ইমরানের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাইকপাড়া গ্রামে। এরপর গত শনিবার রাজধানীর একটি হোটেল থেকে লস্কর-ই-তাইয়েবার এক সন্দেহভাজন জঙ্গিসহ তিন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।