২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িত সন্দেহে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদকে (৪৫) চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল সোমবার তাঁর এই রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন।পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সূত্র জানায়, জঙ্গি মালেক এর আগে গ্রেপ্তার হওয়া পাকিস্তানি জঙ্গি আবু ইউসুফ ভাট ওরফে মাজেদ ভাটের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মালেকেরও সম্পৃক্ততার ব্যাপারে সিআইডি তথ্য পেয়েছে। অভিযোগ রয়েছে, কাশ্মীরভিত্তিক জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের নেতা মাজেদ ভাট আর্জেস গ্রেনেড সরবরাহ করেছিলেন মাওলানা তাজউদ্দিনের কাছে। আর এতে মালেকেরও সম্পৃক্ততা ছিল। মালেকের বাড়ি সীমান্তবর্তী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামে। তাঁকে এক পাকিস্তানি জঙ্গিসহ ৫ অক্টোবর রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে র্যাব গ্রেপ্তার করে।র্যাবের দাবি, মালেক লস্কর-ই-তাইয়েবার সমন্বয়ক। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র্যাবকে জানিয়েছেন, ২০০০ সালে তিনি লস্করে যোগ দেন এবং পাকিস্তানে তিন মাস সমরাস্ত্রের ওপর প্রশিক্ষণ নেন। তিনি ২০০৩ সালে সাংগঠনিক সিদ্ধান্তে ঢাকায় এসে মাজেদ ভাটের অধীনে জঙ্গি তৎপরতায় যুক্ত হন।মালেককে গতকাল ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করে সিআইডি। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, মাজেদ ভাট ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার আছেন। নথিপত্র অনুযায়ী, তাঁকে গত বছরের জানুয়ারিতে উত্তরা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে তাঁর বাড়ি। তিনি ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি মাওলানা তাজউদ্দিনের সহযোগিতায় ঢাকায় আসেন। শেখ হাসিনার সমাবেশে হামলার জন্য তাজউদ্দিনকে আর্জেস গ্রেনেড সরবরাহ করেছেন বলেও মাজেদ ইতিপূর্বে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।