লাইনচ্যুতির কারণে ২২ ট্রেনের সময়সূচি লন্ডভন্ড
ভৈরব রেলস্টেশনের কাছে গত রোববার বিকেলে একটি ট্রেনের লাইনচ্যুতির কারণে পূর্বাঞ্চলের ২২টি আন্তনগর ট্রেনের সময়সূচি লন্ডভন্ড হয়ে গেছে। বাতিল করা হয়েছে দুটি যাত্রীবাহী ট্রেন। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এসব ট্রেন যাতায়াত করছিল। রেল কর্মকর্তারা স্বীকার করেন, এসব ট্রেন ছাড়তে যেমন বিলম্ব হয়, তেমনি মাঝপথে আটকা পড়ে ছয়-সাত ঘণ্টার জন্য। ফলে যে ট্রেন রাত নয়টা-সাড়ে নয়টার মধ্যে ঢাকা ও চট্টগ্রামের স্টেশনে পৌঁছার কথা, সেগুলো পৌঁছে রাত তিনটা-সাড়ে তিনটায়। আর যেগুলো বিকেলে পৌঁছার কথা, সেগুলো গন্তব্যে পৌঁছাতে মধ্যরাত হয়ে যায়।সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, গাড়ির যন্ত্রাংশ ও টায়ার-টিউব বহনকারী একটি ট্রেন গত রোববার বিকেল সাড়ে পাঁচটায় আশুগঞ্জ ও ভৈরব স্টেশনের মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হয়। এসব মালামাল ট্রেনে করে রাজেন্দ্রপুর ও ঢাকা সেনানিবাসে নেওয়া হচ্ছিল।রেল সূত্র জানায়, সরঞ্জামবাহী ওই ট্রেনের ৬৭টি বগির মধ্যে মাঝখানের দুটি লাইনচ্যুত হয়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা ও নোয়াখালী-ঢাকার মধ্যে চলাচলকারী ছয়টি ট্রেন মাঝপথে আটকা পড়ে। পরে বিভিন্ন স্থান থেকে উদ্ধারকারী ট্রেন ও ইঞ্জিন পাঠিয়ে রাত ১১টায় লাইনচ্যুত বগি দুটি তুলে আনা হয়।রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে বিশ্বে ট্রেনের বগি চলে আট চাকার ওপর। আর আমরা চার চাকার পুরোনো বগি এখনো ব্যবহার করছি। এসব বগি মালামাল নিয়ে উঁচুনিচু জায়গা অতিক্রম করার সময় অনেক সময় ভারসাম্য রাখতে না পেরে লাইনচ্যুত হয়।’ রোববারের লাইনচ্যুতির ঘটনা এ কারণেই হয়েছে বলে মনে করা হচ্ছে।ঢাকার রেল নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, ঢাকা ও ময়মনসিংহের মধ্যে চলাচলকারী আন্তনগর ট্রেন ঈশা খাঁ এক্সপ্রেস গতকাল নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা ১০ মিনিট পরে কমলাপুর স্টেশন ছাড়ে। চট্টগ্রামের উদ্দেশে মহানগর গোধূলী ট্রেন ছেড়ে যায় প্রায় আড়াই ঘণ্টা দেরিতে বিকেল সাড়ে পাঁচটায়। চট্টগ্রামের উদ্দেশে চট্টলা এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সকাল নয়টা ১০ মিনিটে, সেটি ছাড়ে প্রায় ১২টায়। ইঞ্জিনের ব্যবস্থা করতে না পারায় ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচলকারী দুটি ট্রেন (৩৪ আপ, ৩৫ ডাউন) বাতিল করা হয়। গতকাল রাত নয়টা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে মোট ১৪টি ট্রেন দেরিতে ছাড়ে এবং চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, সিলেট ও দেওয়ানগঞ্জে দেরিতে পৌঁছায় আরও আটটি ট্রেন।