লাইবেরিয়ার পথে পথে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়তনে বাংলাদেশের প্রায় কাছাকাছি, কিন্তু লোকসংখ্যা মাত্র ৩৭ লাখ। এখানে আদিম প্রকৃতিতে মানুষের হাতের ছোঁয়া লেগেছে সামান্যই। জঙ্গলাকীর্ণ এই দেশে প্রকৃতির দোর্দণ্ড দাপটে কাবু হয়ে আছে মানুষ। জঙ্গল থেকে বেরিয়ে সভ্যতার মহাসড়কে পৌঁছার সুযোগই যেন সে পাচ্ছে না। তার নির্মিত পায়ে চলার পথ প্রতিমূহূর্তে গ্রাস করে নিচ্ছে জঙ্গলের লকলকে জিভ। আর ঔপনিবেশিক প্রভুরা নিজেদের প্রয়োজনে তৈরি করেছিল যেসব পথঘাট, সেগুলো বিধ্বস্ত হয়েছে তাদের পাতানো গৃহযুদ্ধে।কালো আমেরিকানদের কালো উপনিবেশ লাইবেরিয়া নামের এই দেশটিতে এসে যেসব সড়ক ধরে ঘুরে বেড়াচ্ছি, সেগুলোর একটা বড় অংশ গৃহযুদ্ধের পর পুনর্নির্মিত হয়েছে বাংলাদেশের মানুষের হাতে। তাঁরা শান্তিরক্ষী, লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশলী, ‘ব্যান-ইঞ্জিনিয়ার’। ২০০৪ সাল থেকে আমাদের সেনা-প্রকৌশলীরা লাইবেরিয়ার বং ও নিম্বিন নামের দুটি প্রশাসনিক বিভাগে মোট ৪৮০ কিলোমিটার সড়ক তৈরি, মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছেন। গত ১৬ জুন সকালে ব্যান-ইঞ্জিয়ার ১৮-এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের সড়ক-সেতু-কালভার্ট নির্মাণের ছবি দেখাচ্ছিলেন। বৃষ্টির পর কাঁচা সড়কে আটকে পড়া যানবাহন উদ্ধারের ছবিও দেখা হলো অনেক। মনে মনে ভাবছিলাম, এসবের মানে কী? জাতিসংঘের শান্তিরক্ষীরা নিজেদের চলাফেরা ও সরঞ্জাম সরবরাহের জন্য প্রয়োজনীয় রাস্তাঘাট তৈরি করে নেবেন, সেগুলোর রক্ষণাবেক্ষণও করতে হবে তাঁদের নিজেদেরই। এটুকু ছাড়া এর কি কোনো বিশেষ তাৎপর্য আছে?এ রকম জিজ্ঞাসার উত্তর পেতে থাকি, যখন সড়কপথে চলতে শুরু করি। বনজঙ্গলের পেট ফুঁড়ে চলে যাওয়া সড়ক ধরে জাতিসংঘের গাড়িতে চড়ে আমাদের শান্তিরক্ষীদের সঙ্গে যেতে যেতে এখানে-সেখানে দাঁড়াই। আমাদের দেখে হেসে হাত নেড়ে ‘বাংলা’ বলে ডেকে ওঠে লাইবেরিয়ার দরিদ্র সাধারণ মানুষেরা। একপর্যায়ে আমাদের সেনা-প্রকৌশলীদের নির্মিত একটি সেতুর কাছে দাঁড়াই আমরা। সেখানে বাংলাদেশের নাম খোদিত আছে। মোটরসাইকেলে লোকজন ওই সেতুর ওপর দিয়ে যাওয়া-আসা করে। আমরা কয়েকজনকে থামিয়ে গল্প শুরু করি। দু-একটি কথা বললেই তাদের নিখাদ সারল্য টের পাওয়া যায়। তারা বলে, এই সড়ক একসময় এতই খারাপ ছিল যে মোটরসাইকেল চালানো দূরের কথা, বৃষ্টির মৌসুমে পায়ে হেঁটে চলাও ছিল ভীষণ কষ্টকর।সেতুর ওপরে আমাদের দেখে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলেন দুই লাইবেরীয় যুবক, হাতে কাস্তের মতো একধরনের ছুরি। একজনকে ডেকে নাম জিজ্ঞেস করি। জবাব আসে—পল, পল এফ মার্টিন, ফার্মার। বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসায় পঞ্চমুখ ২৮ বছর বয়সী ও বারো ক্লাস-পড়া কৃষক পল। বললেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা তাঁর প্রাণ বাঁচিয়েছিলেন। ২০০৪ সালে যখন লাইবেরিয়ায় গৃহযুদ্ধ পুরোপুরি শেষ হয়নি, বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রথম ব্যাচ, যাঁরা চিকিৎসক বা প্রকৌশলী নন, একদম লড়াকু সৈনিক, সেই পদাতিক ব্যাটালিয়নের অন্তত তিনজনের নাম নয় বছর পরেও গড়গড় করে বলে গেলেন পল। জহুরুল, মেসবাহ, শামসুল—এঁরা আমাদের আশ্রয় দিয়েছিলেন, কাপড়চোপড় দিয়েছিলেন। গৃহযুদ্ধের বিভিন্ন পক্ষ যখন নিজেদের মধ্যে সহিংসতায় মেতে উঠত, তখন তা থামাতে বাংলাদেশের শান্তিরক্ষীদের হিমশিম খেতে হতো। প্রতিপক্ষ গ্রুপগুলোর সশস্ত্র নেতারা সাধারণ নিরীহ যুবকদের ধরে নিয়ে গিয়ে অস্ত্র হাতে তুলে দিত, বাধ্য করত যুদ্ধ করতে। বাংলাদেশের শান্তিরক্ষীদের কাছে আশ্রয় পেয়ে পল যুদ্ধ করা থেকে বেঁচেছিলেন। এ জন্য বাংলাদেশের মানুষের কাছে তাঁর কৃতজ্ঞতার শেষ নেই।কিন্তু মোজেস কোবো নামের ৩৫ বছর বয়সী অন্য এক যুবকের ভাগ্য পলের মতো প্রসন্ন ছিল না। গৃহযুদ্ধের একটি পক্ষের লোকেরা তাঁকে ধরে নিয়ে গিয়ে যুদ্ধ করতে বাধ্য করেছিল। মোজেসকে জিজ্ঞেস করি, তাহলে তুমি লোকজনকে হত্যা করেছিলে? ধবধবে সাদা দাঁত বের করে মোজেস বলেন, ‘সেটা তো আমি জানি না’। কেন গৃহযুদ্ধ বেঁধেছিল—এই প্রশ্নের উত্তরও মোজেসের জানা নেই। মাত্র ৩৭ লাখ মানুষের একটা দেশ লাইবেরিয়া, সেখানে এমনই এক সহিংসতা বাধিয়ে দেওয়া হয়েছিল যে আড়াই লাখ মানুষ পরস্পরকে হত্যা করেছে মাত্র ছয় মাসে। আগের দিন কাউন্টি কমিশনার ক্লাইড এফ সল আমাকে বলেছিলেন, কেউ জানত না, কেন তারা পরস্পরকে হত্যা করছিল। গৃহযুদ্ধের কারণ ছিল ‘ইগনোরেন্স’।৩৭ বছর বয়সী যুবক এমেট মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন, পেছনে তাঁর বউ। তাঁরা বললেন, ‘বাংলাদেশের বন্ধুরা এসে আমাদের রাস্তা তৈরি করে দিয়েছে বলেই আজ এই রাস্তা দিয়ে এমন স্বচ্ছন্দে চলাচল করতে পারছি। আগে যেটুকু রাস্তা যেতে এক-দেড় ঘণ্টা লাগত, এখন মাত্র ১৫-২০ মিনিটে সে দূরত্ব পার হওয়া যায়।’ এমেটের স্ত্রী বললেন, রাস্তা হওয়ার ফলে তাঁদের আয়-উপার্জনও বেড়েছে।শুধু এটুকু নয়। লে. কর্নেল মাহমুদ যেমনটি বলছিলেন, লাইবেরিয়ায় গৃহযুদ্ধের সময় যেসব মানুষ ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে গিয়েছিল, এখন তারা ফিরে আসছে এই সড়কগুলো ধরেই। ছিন্নভিন্ন নৃগোষ্ঠীগুলোর মধ্যে যোগাযোগ বাড়ছে, কমিউনিটি গড়ে উঠছে, প্রত্যন্ত অঞ্চলের কৃষিপণ্যের বিপণনসুবিধা সৃষ্টি হচ্ছে। লাইবেরিয়ায় শান্তি টেকসই হবে যদি মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটে। বাংলাদেশের শান্তিরক্ষীরা এ ক্ষেত্রে অবদান রাখতে গিয়ে দেশটির বিরাট এলাকাজুড়ে রেখে যাচ্ছেন বাংলাদেশের স্মৃতিচিহ্ন। লাইবেরিয়ার পথে পথে থেকে যাবে বাংলাদেশের নাম।