লাইবেরিয়ার প্রেসিডেন্ট সারলিফ পুনর্নির্বাচিত
লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইলেন জনসন সারলিফ নিরঙ্কুশ ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, সারলিফ ৯০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন। তবে বিরোধী দল নির্বাচন বর্জন করায় সারলিফের এ বিজয় বিতর্কের জন্ম দিয়েছে বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে বলা হয়েছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার এলিজাবেথ নেলসন গতকাল রাতে জানান, নির্বাচনে ইলেন জনসন সারলিফ মোট প্রাপ্ত ভোটের ৯০ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছেন এবং বিরোধী নেতা উইন্সটন তুবম্যান মাত্র নয় দশমিক দুই শতাংশ ভোট পেয়েছেন। তবে ফলাফল ঘোষণার আগেই বিরোধী নেতা তুবম্যান জানিয়ে দিয়েছেন, এই নির্বাচনের ফলাফল তিনি মেনে নেবেন না। গত সপ্তাহেই তিনি তাঁর সমর্থকদের ভোট বর্জনের আহ্বান জানান। প্রেসিডেন্ট সারলিফ গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি পুনর্নির্বাচিত হলে সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর সরকারের কিছু পদ বিরোধীদের দেওয়ার প্রস্তাব করবেন।চলতি বছরের অক্টোবরে দেশটিতে প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিরোধী নেতা তুবম্যান ৩৩ শতাংশ এবং সারলিফ ৪৪ শতাংশ ভোট পান। তবে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে তুবম্যান ৮ নভেম্বরের দ্বিতীয় দফা নির্বাচন বর্জন করেন।বিশ্লেষকদের মতে, ইলেন জনসন সারলিফ নিরঙ্কুশ ভোটে নির্বাচিত হলেও বিরোধী দল নির্বাচন বর্জন করায় তাঁর সরকারের বৈধতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ল। চলতি বছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পান লাইবেরিয়ার এই প্রেসিডেন্ট।