লাইসেন্স দেখতে চাওয়ায় পুলিশকে ছাত্রলীগের মারধর
খুলনা নগরে ছাত্রলীগের নেতার মোটরসাইকেলের লাইসেন্স (অনুমতিপত্র) দেখতে চাওয়ায় গতকাল শুক্রবার ট্রাফিক পুলিশ সদস্যদের মারধর করা হয়েছে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। এ সময় একটি পুলিশ বক্সও ভাঙচুর করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে নতুন রাস্তার পুলিশ বক্সের সামনে যানবাহন ও চালক লাইসেন্স পরীক্ষা করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় খুলনা নগর শাখা ছাত্রলীগের আজ শনিবারের সম্মেলনকে উদ্দেশ্য করে একটি শোভাযাত্রা শহরের দিকে যাচ্ছিল। দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রফিক শোভাযাত্রার একটি মোটরসাইকেল থামিয়ে লাইসেন্স দেখতে চাইলে চালক কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। বিষয়টি নিয়ে নগর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ সুজনের সঙ্গে সার্জেন্টের কথাকাটাকাটি শুরু হয়। শোভাযাত্রা থেকে জাহিদ হাসানসহ আরও কয়েকজন এতে যোগ দেন। একপর্যায়ে তাঁরা সার্জেন্ট রফিককে মারধর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে কনস্টেবল মামুন, মেহেদী, শফিক ও সুমনকে মারধর করে তাঁদের পোশাক ছিঁড়ে ফেলা হয়। এ সময় পুলিশ বক্সের জানালার কাচ ও আসবাব ভাঙচুর এবং কাগজপত্র তছনছ করে হামলাকারীরা। জানতে চাইলে নগর ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যারা এ ধরনের কাজ করেছে, তাদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। এরা সবাই অনুপ্রবেশকারী। হামলাকারীরা যে-ই হোক, তাদের শাস্তি হওয়া উচিত।’শেখ সুজন ও জাহিদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা পুলিশকে মারধরের বিষয়টি অস্বীকার করেন।দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এই ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, সবকিছু ভালোভাবে শোনার পর পদক্ষেপ নেওয়া হবে। পুলিশের পাঁচ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।