সনদ জাল করে ইউরোপে সামুদ্রিক মৎস্য রপ্তানি করতে গিয়ে এবার ধরা পড়েছে বিডি সি ফুডস। এ জন্য তাদের কারখানায় মৎস্য প্রক্রিয়াকরণ ও রপ্তানি লাইসেন্স সাময়িক বাতিলও করা হয়।বিস্তারিত তদন্তে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চূড়ান্ত আইনানুগ ব্যবস্থা নিতে বললেও মৎস্য অধিদপ্তর উল্টোটা করেছে। অধিদপ্তর বিডি সি ফুডসের মৎস্য প্রক্রিয়াকরণ ও রপ্তানির লাইসেন্স সাময়িক বাতিল আদেশ প্রত্যাহার করে নেয়। বিডি সি ফুডস বিডি ফুডস লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এর আগে মূল কোম্পানি বিডি ফুডসের লন্ডনের দুটি সমুদ্রবন্দর দিয়ে সবজি ও ঘরের মেঝেতে ব্যবহার করা যায় এমন টাইলস রপ্তানির আড়ালে ৭৫ কেজি হেরোইন পাচার করার ঘটনা ধরা পড়ে। ২০০৬ সালের ২১ এপ্রিল সিআইডির সহকারী পরিদর্শক দীপক গুপ্ত বাদী হয়ে রাজধানীর মতিঝিল ও সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ নিয়ে দুটি মামলা করেন। এতে জড়িত থাকার অভিযোগে বিডি ফুডসের কর্মকর্তা-কর্মচারীসহ ১০ জনকে সে সময় গ্রেপ্তারও করা হয়। সেই মামলা এখনো বিচারাধীন। মৎস্য অধিদপ্তরের নথিপত্রে দেখা যায়, গত ১৩ জুন মন্ত্রণালয় শাস্তি দেওয়ার নির্দেশ দিলেও ওই একই তারিখে অধিদপ্তর লাইসেন্স বাতিল প্রত্যাহারের আদেশ দেয়। এর আগে ৯ জুন বিডি সি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক ওই আদেশ প্রত্যাহারের জন্য মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেন। আবেদনের মাত্র চার দিনের মধ্যেই আদেশ প্রত্যাহারের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বিস্ময় প্রকাশ করেছেন। জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, এত বড় একটি ঘটনা তাঁকে জানানোই হয়নি। আজ রোববার মন্ত্রণালয়ে গিয়ে তিনি বিষয়টি খোঁজ করে দেখবেন। তিনি আরও বলেন, ‘রাজাকারকে যদি কেউ ছাড় দিয়ে থাকে, তবে সেও রাজাকার; তাকেও ছাড়া হবে না। যারা দেশের সুনাম নষ্ট করার কাজে জড়িত এবং তাদের কারা সহযোগিতা করছে, তাও দেখা হবে।’ জানা গেছে, জালিয়াতির অভিযোগ পাওয়ার পর মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর গত ১৯ মে প্রতিষ্ঠানটির লাইসেন্স সাময়িক বাতিল এবং তাদের কারখানার মৎস্য প্রক্রিয়াকরণও স্থগিত রাখতে নির্দেশ দেয়। ১৩ জুন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম ফজলুল হকের সই করা এক চিঠিতে জাল সনদ তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিডি সি ফুডসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ বিডি সি ফুডস কর্তৃক জাল সনদ তৈরি করে মৎস্য রপ্তানির বিষয়টি প্রমাণিত হয়েছে। জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী তাঁর ক্ষমতা রয়েছে জরিমানা করে কাউকে ছেড়ে দেওয়ার। প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু যে তারিখে মন্ত্রণালয় বিডি সি ফুডসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে, একই তারিখে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ কীভাবে হলো—এ প্রশ্নের জবাব তিনি দেননি। জানা গেছে, বিডি সি ফুডস ব্রাসেলসে মৎস্যজাত পণ্য রপ্তানির জন্য গত ১৫ মার্চ ইউরোপীয় ইউনিয়নের জন্য নিয়ম অনুযায়ী পণ্য শনাক্তকরণ সনদ দেয়। কিন্তু এই সনদটি পাঠানো হয় মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তার সিল ও সই জাল করে। আমদানিকারক কর্তৃক সন্দেহের কারণে সনদটি বাংলাদেশে ব্রাসেলস দূতাবাসের মাধ্যমে যাচাইয়ের জন্য পাঠানো হলে জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এ বিষয়ে মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, জালিয়াতির মাধ্যমে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তার সিল ও জাল সই ব্যবহার করায় আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে ইউরোপীয় বাজারে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের ঘটনা মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। বিডি সি ফুডসের ম্যানেজার ফারুক হোসেন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘এখন বাইরে আছি, অফিসে গিয়ে জানাব।’ পরবর্তী সময়ে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিডি সি ফুডসকে বিডি ফুডসের অঙ্গপ্রতিষ্ঠান বলে উল্লেখ করলেও লাইসেন্স বাতিল ও প্রত্যাহার নিয়ে কিছু বলেননি।