লাইসেন্সহীনদের ভিড়ে আসল সার ডিলাররা বেকায়দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্সবিহীন সারের ডিলারদের ভিড়ে আসল ডিলাররা বেকায়দায় পড়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়। লাইসেন্সধারী সার ডিলাররা অভিযোগ করেন, এখন যত্রতত্র সার পাওয়া যাচ্ছে। অথচ সার ডিলার হিসেবে লাইসেন্স নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাঁদের। ডিলার নিয়োগের পর বাজার মনিটরিং না থাকায় একদিকে যেমন ভেজাল নিম্নমানের সার বাজার ছেয়ে গেছে, অপর দিকে হতাশ হয়ে পড়ছেন উপজেলার বিভিন্ন ওয়ার্ডের বৈধ সার ডিলারেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও সার বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে খুচরা লাইসেন্সধারী ডিলার নিয়োগ করা হয়। ওই মোতাবেক কয়েক মাস আগে ক্ষেতলালের পাঁচ ইউনিয়নে ৪৫ জন সার ডিলার নিয়োগ করা হয়। এ ছাড়া বিসিআইসির ১১ জন বড় সার ডিলার আছেন। ওই সময় খুচরা ডিলার নিয়োগে প্রশাসনকে দফায় দফায় মিটিং করে সিদ্ধান্ত নিতে হয়েছিল। কারণ, একজন ডিলারের বিপরীতে পাঁচ-সাতটি আবেদন পড়েছিল। বেড়ে গিয়েছিল তদবির ও রাজনৈতিক চাপ। অনেক চড়াই-উতরাই পেরিয়ে শেষে ওয়ার্ডপ্রতি একজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়। উপজেলার দৌলতপুর ওয়ার্ডে নতুন সার ডিলার মুক্তার আলী মণ্ডল বলেন, যেখানে-সেখানে পাওয়া যাওয়ায় কৃষক সাময়িক খুশি হচ্ছে ঠিকই, কিন্তু ওই সুযোগে ভারতীয় নিম্নমানের সার বাজার দখল করছে। কৃষক প্রতারিত হচ্ছে। বাংলাদেশের এক বস্তা মিউরেট অব পটাশ (এমওপি) সারের মূল্য এক হাজার ২০০ টাকা আর ভারতীয় ওই সারের মূল্য ৯০০ থেকে সাড়ে ৯০০ টাকা। কিন্তু কম দামের ওই সব ভারতীয় সার ব্যবহার করলে মাটির গুণগত মান নষ্ট হয়ে যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘আসলে ডিলারের সংখ্যা বেড়ে গেছে। মনিটরিং ও তদারকির কাজ অল্প দিনের মধ্যেই শুরু হবে। ভারত সিমান্তবর্তী উপজেলা হওয়ায় এলাকায় মাঝেমধ্যে নিম্নমানের ওই সার আসছে বলে শোনা যায়। তবে আমরা এ ধরনের তথ্য জানা মাত্র প্রশাসনিক ব্যবস্থা নিই।’ সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা বলেন, বাজারে লাইসেন্সধারী সার ডিলার ছাড়া অন্য কেউ সার বিক্রি করার কথা নয়। এ ব্যাপারে কোনো অভিযোগও পাওয়া যায়নি। তবে অল্প সময়ের মধ্যে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।