লাইসেন্সের জন্য সাত ব্যাংকের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা আবদুল মান্নান চৌধুরী প্রস্তাবিত সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের উদ্যোক্তা হিসেবে ছিলেন। কিন্তু লাইসেন্স পাওয়ার আবেদনে তাঁকে বাদ দেওয়া হয়েছে।জানা গেছে, দুই কোটি টাকা দিয়ে তিনি এই ব্যাংক শুরুর উদ্যোগে ভূমিকা রাখেন। সম্প্রতি তাঁকে আর ব্যাংকের সঙ্গে না রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছে। তাঁর জোগানো মূলধন ফেরত দেওয়ারও একটা ব্যবস্থা হয়েছে।অবশ্য যোগাযোগ করা হলে আবদুল মান্নান গত সোমবার প্রথম আলোকে বলেন, তিনি স্বেচ্ছায় আর থাকতে চাননি।এভাবে শুরুতে যাঁরা নতুন ব্যাংক প্রতিষ্ঠার সময় উদ্যোক্তা পরিচালক ছিলেন, তাঁদের অনেককেই বাদ দিয়ে সাতটি প্রস্তাবিত ব্যাংকের কার্যক্রম শুরুর জন্য লাইসেন্স চেয়ে আবেদন জমা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এই ব্যাংকগুলো হলো: ইউনিয়ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক, ফারমার্স ব্যাংক, মেঘনা ব্যাংক আর দুটি এনআরবি ব্যাংক। মধুমতি ব্যাংক ও আরেকটি এনআরবি ব্যাংকের পক্ষ থেকে প্রস্তুতির জন্য সময় চাওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ গত এপ্রিল মাসের প্রথম ভাগে দুই দফায় মোট নয়টি নতুন ব্যাংকের নীতিগত অনুমোদন দেয়। এর মধ্যে প্রথম দফায় ৪ এপ্রিল অনুমোদন দেওয়া হয় প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের তিনটি ব্যাংক। আর ৮ মে অনুমোদন পায় দেশি উদ্যোক্তাদের ছয়টি ব্যাংক। এসব প্রস্তাবিত ব্যাংকের জন্য ১৭ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছাপত্র দেয়। এতে লাইসেন্স দেওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে ছয় মাসের মধ্যে আবেদন করতে সময় বেঁধে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার ছিল আবেদনের শেষ দিন। সবগুলো ব্যাংকেরই মূল উদ্যোক্তা বর্তমান সরকার ও শরিক দলের প্রধান সারির নেতারা।যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ইচ্ছাপত্রের শর্ত অনুযায়ী যাঁরা লাইসেন্স পাওয়ার আবেদন করেছেন, তাঁদের আবেদনপত্রগুলো এখন যাচাই-বাছাই করা হবে। আর যে দুটি প্রস্তাবিত ব্যাংকের পক্ষে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে, সেই আবেদন দুটি বাংলাদেশ ব্যাংকের পর্ষদের কাছে নেওয়া হবে।রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক খোলার ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক দেশের অঞ্চলবৈষম্য দূর করাসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনার আওতায় নীতিমালায় বিভিন্ন ধরনের উৎসাহ জোগাতে চেষ্টা চালায়। যেমন বলা হয়, ঢাকার বাইরে প্রধান কার্যালয় খুললে নতুন শাখা, এক্সচেঞ্জ হাউস, তারল্য সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু উদ্যোক্তারা কেউই সেসব বিষয়ে আগ্রহ দেখাননি। সব ব্যাংকের প্রস্তাবিত কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় স্থাপনের সিদ্ধান্ত রয়েছে।যাঁরা সম্পৃক্ত: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে চট্টগ্রামের ব্যবসায়ী শহিদুল আলমের। শহিদুল আলম ব্যবসায়ী এস আলমের ভাই। ইউনিয়ন ব্যাংক রাজধানীর গুলশানে প্রধান কার্যালয় স্থাপন করেছে। কিছু কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে। ব্যাংকটি যখন প্রাথমিক অনুমোদনের আবেদন জমা দেয়, তখন ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে উদ্যোক্তা ছিল ১৯। এখন প্রথম দিকের উদ্যোক্তাদের কয়েকজন বাদ হয়ে নতুনরা যুক্ত হয়েছেন। এই ব্যাংকের সবকিছুই এখন দেখাশোনা করছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু। তবে আবেদনের সময় তাঁর নাম ছিল না।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়কর উপদেষ্টা এম মনিরুজ্জামান খন্দকারের মিডল্যান্ড ব্যাংক লাইসেন্স পাওয়ার জন্য আবেদন জমা দিয়েছে। ব্যাংকটির পরিচালকের সংখ্যা ২০ জন। তবে মোট উদ্যোক্তার সংখ্যা বেড়েছে।সাউথ বাংলা অ্যাগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের প্রধান কার্যালয় করা হচ্ছে রাজধানীর বিজয়নগরে কাজী আকরাম টাওয়ারে। ব্যাংকটির উদ্যোক্তা চেয়ারম্যান হিসেবে রয়েছেন খুলনার ব্যবসায়ী এস এম আমজাদ হোসেন। তবে সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান রয়েছেন এই ব্যাংকের সঙ্গে। এই ব্যাংক থেকেই ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী বাদ পড়েছেন।ফারমার্স ব্যাংকের মূল উদ্যোক্তা ছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। সম্প্রতি তিনি মন্ত্রী নিযুক্ত হওয়ায় পরিচালক থাকতে পারছেন না। তবে তাঁর শেয়ার থাকতে কোনো বাধা নেই।রংপুর-৫ আসনের সরকারদলীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান ও ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদের মেঘনা ব্যাংক চূড়ান্ত লাইসেন্স পাওয়ার আবেদন করেছে। এই ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন কাইজার এ চৌধুরী।ঢাকা-১২ আসনের সাংসদ ফজলে নূর তাপসের মধুমতি ব্যাংক দুই মাস সময় চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন একাধিক ব্যাংকের সাবেক প্রধান নির্বাহী মিজানুর রহমান এই ব্যাংকের এমডি নিযুক্ত হয়েছেন। ব্যাংকটির জন্য প্রথমে রাজধানীর গুলশান এলাকায় প্রধান কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও এখন মতিঝিলে কার্যালয় করা হচ্ছে বলে জানান মিজানুর রহমান।এনআরবি ব্যাংক: যুক্তরাষ্ট্র-প্রবাসী ব্যবসায়ী ফরাসত আলীর এনআরবি কমার্শিয়াল ব্যাংক রাজধানীর মতিঝিলে পূর্বাণী হোটেলের সামনে প্রধান কার্যালয় নিয়েছে। প্রধান নির্বাহী করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাবেক কর্মকর্তা দেওয়ান মুজিবর রহমানকে। ব্যাংকটি চূড়ান্ত ব্যবসায়িক কার্যক্রম শুরুর জন্য লাইসেন্স পাওয়ার আবেদন জমা দিয়েছে। ব্যাংকটির সঙ্গে ৫৫ জন উদ্যোক্তা রয়েছেন। তবে পরিচালক হচ্ছেন ২০ জন।এনআরবি ব্যাংক লিমিটেড নামে বাংলাদেশ ব্যাংক দুটি ব্যাংককে সম্মতিপত্র দেয়। এর একটির উদ্যোক্তা চেয়ারম্যান যুক্তরাষ্ট্র-প্রবাসী ব্যবসায়ী ও ইউএ করপোরেশনের চেয়ারম্যান নিজাম চৌধুরী। অপরটির চেয়ারম্যান যুক্তরাজ্য-প্রবাসী ব্যবসায়ী ও সিমার্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল আহমেদ। নিজাম চৌধুরীর নেতৃত্বাধীন এনআরবি ব্যাংক কার্যক্রম শুরু করতে আরও তিন মাস সময় বাড়ানোর জন্য আবেদন করেছে।