লাউকাঠি নদীর ভাঙনে নিঃস্ব হচ্ছে কয়েক শ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্বাচন আইলে বেবাকতে কয় জিতলে নদীর তীর বাইন্ধ্যা দিমু। তোমাগে সুখে-দুখে সব সময় পাশে থাকুম। কিন্তু নির্বাচন শেষ হইলে হেগো আর দেহা পাই না। কেউ আইয়া মোগো একটু খোঁজও লয় না। এই নদীর পাড়ে কেনে মোরা থাহি কেউ একটু জিগায়ও না।’ পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি নদীর উত্তর পাড়ের ভাঙন এলাকার আছিয়া খাতুন (৮০) এভাবেই তাঁর ক্ষোভ প্রকাশ করেন। আছিয়া খাতুন জানান, ৪০ বছর আগে তাঁর স্বামী মারা যায়। তাঁদের তিন বিঘা সম্পত্তি ছিল। ছিল ফসলি জমি, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, বসত ঘর। কিন্তু আজ নিঃস্ব। লাউকাঠি নদীর অব্যাহত ভাঙনে তাঁর সবকিছু শেষ হয়ে গেছে। এখন তিনি শূন্য ভিটায় বসে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে নদীর দিকে। আছিয়া খাতুন জানান, তাঁর দুই ছেলে মন্নান খন্দকার (৫০) ও সামসুল খন্দকার (৪৫) এখন দিনমজুর। অভাব-অনটনে দিন কাটছে তাঁদের। নদী কেড়ে নিয়েছে তাঁর বসতভিটা। দুবার তাঁর ঘর সরাতে হয়েছে। এখন শূন্য ভিটেয় ঝুপড়ি ঘর তুলে বাস করছেন আছিয়া বেগম। একইভাবে লাউকাঠি নদী কেড়ে নিয়েছে গ্রামের সুধীর মালী, আতাহার হাওলাদার, সত্য ধোপা, আতাহার সিকদার, দলিল উদ্দিন হাওলাদার, রুহুল আমিন সিকদার, চাঁন মিয়াসহ শতাধিক পরিবারের সবকিছু। এসব পরিবারের কেউ কেউ ভাঙনের কবলে পড়ে তিন-চারবার ঘর অন্যত্র সরিয়েছে। অনেকেই জমিজমা সব হারিয়ে নিঃস্ব। এখন তাঁদের ঠিকানা হয়েছে আশ্রয়কেন্দ্রে অথবা কোনো বস্তিতে। ১০ মে সকালে দেখা যায়, নদী এখনো ভাঙছে। এ সময় নিঃস্ব আতাহার হাওলাদার (৫০) জানান, ছোটবেলা তাঁর বাবা মারা যান। মা আমেনা বেগমের ভিক্ষা করা টাকায় দুই কাঠা জমি কিনে ঘর করে সেখানে বাস করছিলেন। কিন্তু লাউকাঠি নদী তাঁর সহায়-সম্বল সব কেড়ে নিয়েছে। এখন তাঁর ঠিকানা ঝুপড়ি ঘর ও একটি ছোট নৌকা। ওই নৌকা দিয়ে নদী পারাপার করে যা পায়, তা দিয়ে কোনো রকম চলে তাঁর সংসার। সুধীর মালী (৫২) জানান, তাঁর ১৫ একর জমি ছিল। ছিল সাজানো সংসার। ভাঙনে তাঁর সব ফসলি জমি বিলীন হয়ে গেছে। এখন নদীর পাড়ে রয়েছে শুধু বসত ঘরটি। তাও যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে নদীগর্ভে। চাঁন মিয়া (৭০) জানান, তাঁর ১০ একর জমি ছিল। ছিল সচ্ছল সংসার। নদীভাঙনে আজ তিনি নিঃস্ব। বিড়ির কারখানায় শ্রমিকের কাজ করে কোনো রকম বেঁচে আছেন তিনি। গ্রামের শহিদুল ইসলাম জানান, তিনিসহ লাউকাঠি গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষ মিলে পানিসম্পদ প্রতিমন্ত্রী বরাবরে লাউকাঠির খাদ্যগুদাম থেকে আগে বিএডিসি সার গোডাউন পর্যন্ত নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আবেদন করেছেন। এ ব্যাপারে পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার বলেন, ‘নদীভাঙন রোধে বর্তমান সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। ড্রেজিং বা নদী শাসনের মাধ্যমে স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ব্লক ফেলে বা পাইলিং করে সাময়িক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান বলেন, লাউকাঠি নদীর উত্তর পাড়ে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। ব্লক দিয়ে ভাঙন রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। গোডাউন ঘাট থেকে পূর্বদিকে আধা কিলোমিটার ব্লক দিয়ে ভাঙন রক্ষার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। বাকি এক কিলোমিটার আগামী বছর সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।