লাউকাঠি বেড়িবাঁধের অভ্যন্তরে ৩০০ একর জমির চাষাবাদ হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আইলার আঘাতে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ক্ষত-বিক্ষত হয়ে যায়। বেড়িবাঁধের মাত্র পৌনে এক কিলোমিটারের মধ্যে ১৮টি স্থান ভেঙে গেলেও গত এক বছরে তা মেরামত করা হয়নি। জোয়ারের পানি বাড়লেই সেখান দিয়ে অনায়াসে পানি ঢুকে পড়ে ফসলি খেতে। এ অবস্থায় লাউকাঠি ও তার পাশের গ্রাম ঢেউখালী এলাকার প্রায় ৩০০ একর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, লাউকাঠি ইউনিয়নের লাউকাঠি বাজার থেকে পূর্ব দিকে ডকইয়ার্ড পর্যন্ত পৌনে এক কিলোমিটার বেড়িবাঁধের ১৮টি স্থানে ভাঙা।স্থানীয় লোকজন জানান, এ বাঁধ শুধু জলোচ্ছ্বাস থেকে কৃষি জমিই রক্ষা করে না, গ্রামীণ সড়ক যোগাযোগের ক্ষেত্রেও সহায়তা করে। ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার আঘাতে এ বাঁধের বিভিন্ন স্থান ভেঙে যায়। প্রায় এক বছর অতিবাহিত হলেও বাঁধটি মেরামত করা হয়নি। ফলে এলাকার প্রায় ৩০০ একর জমিতে রবি ফসল, আউশ ও আমনের চাষ ব্যাহত হচ্ছে। আর সড়ক যোগাযোগে স্থানীয় লোকজন বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে চলাচল করছে।লাউকাঠি এলাকার কৃষক ছলেমান হাওলাদার জানান, ফসলি খেতে জোয়ারের পানি ঢুকে পড়ায় তাঁদের চাষাবাদ ব্যাহত হচ্ছে। কৃষক ছালাম মৃধা জানান, বর্ষা মৌসুম শুরুর আগে বাঁধ মেরামত না হলে আউশ কিংবা আমন চাষাবাদে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে। এ ছাড়া তাঁদের এলাকার ছেলেমেয়েদের এ বাঁধের ওপর দিয়ে স্কুল-কলেজে যাওয়া-আসা দুরূহ হয়ে পড়বে।লাউকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, ‘বাঁধ মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। বেড়িবাঁধ যাতে দ্রুত মেরামত হয়, এ জন্য পাউবোর দপ্তরে একধিকবার গিয়েছি। এলাকার কৃষকদের দুর্ভোগের বিষয়টি জানিয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে কয়েকবার চিঠিও দিয়েছি, কিন্তু কিছুই হচ্ছে না।’পটুয়াখালী পাউবোর নির্বাহী প্রকৌশলী ছিদ্দিকুর রহমান জানান, বাঁধটি সংস্কারের জন্য প্রাক্কলন তৈরি করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে এলেই বাঁধটি মেরামতের কাজ শুরু করা হবে।