লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত, পরিবারের দাবি হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেল ক্রসিংয়ে গতকাল শনিবার সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে উত্তম কুমার দাস (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। তবে তাঁর পরিবার দাবি করেছে, তাঁকে হত্যা করা হয়েছে। নিহত উত্তমের বাড়ি জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর গ্রামে। শ্রীমঙ্গল জিআরপি পুলিশ গতকাল রাতে তাঁর লাশ উদ্ধার করেছে। আজ রোববার ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।শ্রীমঙ্গল জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবায়দুর রহমান জানান, সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে লাউয়াছড়া অতিক্রমকালে রেল ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।তবে উত্তমের বাবা উপানন্দ দাস দাবি করেন, উত্তম গত বছর সিলেট এমসি কলেজ থেকে ডিগ্রি পাস করেছে। আগামী বৃহস্পতিবার তাঁর ইতালি যাওয়ার কথা। উত্তমের কাছে জমি বিক্রির সাড়ে সাত লাখ টাকা ছিল। এ টাকা নিয়ে তাঁর কমলগঞ্জের ভানুগাছ বাজারে যাওয়ার কথা ছিল। কিন্তু লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে কীভাবে সে মারা গেল, এটা তিনি বুঝতে পারছেন না। তাঁর অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র তাঁর ছেলেকে হত্যা করেছে। তবে তাঁরা কারা, এ ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।