লাউয়াছড়া হাকালুকি ও হাইল হাওর এলাকায় ধরিত্রী দিবস উদ্যাপন
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান, হাইল হাওর ও হাকালুকি হাওর এলাকায় গত ২২ এপ্রিল ধরিত্রী দিবস উদ্যাপিত হয়েছে। সমন্বিত রক্ষিত এলাকাসহ ব্যবস্থাপনা প্রকল্পের (আইপ্যাক) উদ্যোগে এই তিনটি স্থানে স্থানীয় সংগঠন আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে।আইপ্যাক সূত্রে জানা গেছে, আইপ্যাকের উদ্যোগে গত ২২ এপ্রিল সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটি কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে এক আলোচনা সভার আয়োজন করে। এলাকাবাসী আবদুল মতিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সদস্য আনন্দ মোহন, কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মান্নান, মুশাহিদ মিয়া প্রমুখ। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। অন্যদিকে ওই দিন বিকালে হাইল হাওর এলাকায় জেটুয়া উন্নয়ন সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি আজমান মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলার মৎস্য কর্মকর্তা সাইদুল ইসলাম ভুঁইয়া প্রমুখ। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া হাকালুকি হাওরের গোলাপগঞ্জের শান্তিরবাজার গ্রাম সংরক্ষণ দলের (ভিসিজি) উদ্যোগে একইভাবে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।