লাউয়াছড়ার অয়েল পামের বাগান কাজে লাগেনি তিন দশকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে তৈরি অয়েল পামের বাগান তিন দশকেও কোনো কাজে লাগেনি। পরিকল্পনা ও ফল প্রক্রিয়াজাতের মাধ্যমে তেল উৎপাদন সম্পর্কে কোনো ধারণা না থাকায় সেই ফল অবহেলা ও অযত্নে ঝরে পড়েছে। পাখি ও কাঠবিড়ালি খেয়েছে। বর্তমানে এই পামগাছগুলোর দিকে বন বিভাগ নজর দিলেও গাছের বয়স বেড়ে গেছে। এখন আর আগের মতো ফল ধরছে না।এদিকে অয়েল পাম থেকে তেল উৎপাদন ও প্রক্রিয়াজাত সম্পর্কে কোনো ধারণা এবং সুযোগ না থাকা সত্ত্বেও মৌলভীবাজারে ব্যক্তিগত উদ্যোগে অনেকেই অয়েল পামের গাছ রোপণ করছেন। বিভিন্ন বেসরকারি সংস্থা সাধারণ মানুষকে অয়েল পামের লাভজনক দিক সম্পর্কে উদ্বুদ্ধ করে বেশ চড়া দামে তাঁদের কাছে চারা বিক্রি করছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মালয়েশিয়া সফরে গিয়েছিলেন। আসার সময় সেখান থেকে অয়েল পামের বীজ নিয়ে আসেন। সেই বীজের কিছুটা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেস্ট হাউসের কাছে বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের অধীনে সিলভি কালচার রিসার্চ বিভাগের মাধ্যমে পরীক্ষামূলকভাবে রোপণ করা হয়। অয়েল পাম রোপণের তিন-চার বছরের মাথায়ই অনেকটা খেজুরগাছের কাদির মতো গাছে ফল আসে। কিন্তু এই ফল কী করা হবে, গাছগুলো রক্ষণাবেক্ষণ করা হবে কি না, এ নিয়ে কোনো দিকনির্দেশনা ছিল না। অন্যদিকে এই ফল থেকে তেল উৎপাদন ও তেল প্রক্রিয়াজাত সম্পর্কে কারও কোনো ধারণা না থাকায় অবহেলা-অযত্নে গাছের ফল ঝরে পড়েছে। পাকা ফল পাখি ও কাঠবিড়ালি খেয়েছে। প্রায় এক একর জায়গায় ৭০টির মতো অয়েল পামগাছ রয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, নারকেল গাছের মতো সারা বছরই অয়েল পামের ফল আসে। তবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে বেশি ফল আসে। সাবান তৈরির কাঁচামাল ও ভোজ্যতেল হিসেবে পামতেলের চাহিদা রয়েছে। লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্রের ফরেস্ট রেঞ্জার জুনায়েদ আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হুট করে গাছ লাগানো হয়েছিল। কোনো পরিকল্পনা ছিল না। সারা বছরই ফল এসেছে। ফল সংগ্রহ করা হয়নি। পাখি ও কাঠবিড়ালি ফল খেয়েছে।’ফরেস্ট রেঞ্জার জানান, লাউয়াছড়ায় অয়েল পামের গাছ কোনো কাজে আসেনি। গাছের আয়ু হচ্ছে ৩৫ থেকে ৪০ বছর। প্রায় ৩২ বছর হয়ে গেছে গাছগুলোর বয়স। এখন ফলও তেমন আসছে না। বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, এই পামগাছ নিয়ে কোনো প্রকল্প বা পরিকল্পনা ছিল না বলে এত দিন গাছগুলোরও তেমন পরিচর্যা করা হয়নি। আগাছায় জড়িয়ে ছিল গাছ। এবার বন বিভাগ নতুন করে গাছগুলো রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছে। গাছগুলো না কাটার কথা বলা হয়েছে। বন সংরক্ষক হারাধন বণিক প্রথম আলোকে বলেন, ‘আমরা কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট—এই তিনটি জায়গায় অয়েল পামের বাগান করি। সিলেটের (সাতছড়ি) বাগানেই ফলন ভালো হয়েছিল। এ জন্য আমরা গাছ নষ্ট করিনি। তবে সাতছড়িতে অল্প জায়গায় হওয়ায় তা বাণিজ্যিকভাবে লাভজনক ছিল না।’ মাতৃভূমি কো-অপারেটিভ লিমিটেডের অন্যতম পরিচালক সন্দীপ কুমার পুরকায়স্থ প্রথম আলোকে বলেন, ‘যাতে তিন-চার বছরের মধ্যে ফলন আসে, এ জন্য আমরা বাছাই করা হাইব্রিড অয়েল পামের বীজ সংগ্রহ করে চারা করছি। এ পর্যন্ত মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রায় ৪০ হাজার চারা বিক্রি করা হয়েছে।’ তিনি জানান, একেক জন দুটি থেকে ৫০টি পর্যন্ত চারা নিয়েছেন। দু-একজন বড় বাগান করবেন বলে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রতিটি চারা তাঁরা ১০০ টাকা করে বিক্রি করছেন। চারা বিক্রির ক্ষেত্রে বিক্রেতাদের কমিশন দিতে হয় বলে দাম একটু বেশি। অয়েল পামের ফল থেকে তেল বের করার ব্যবস্থা না থাকা সত্ত্বেও যে হারে লোকজন চারা লাগাচ্ছে, এর ভবিষ্যৎ কী! এ সম্পর্কে সন্দীপ কুমার পুরকায়স্থ জানান, ফল থেকে তেল সংগ্রহ করা সহজ। সরিষা থেকে যেভাবে তেল বের করা হয়, সেই প্রক্রিয়াতেই তেল বের করা যাবে। এ জন্য তাঁরা মৌলভীবাজার বিসিক শিল্পনগরে একটি কারখানা তৈরি করার কথা ভাবছেন। তাঁদের সংস্থার মাধ্যমে গাছের মালিকের কাছ থেকে ফল কিনে নিয়ে এসে প্রক্রিয়াজাত করা হবে। আবার চাইলে গাছের মালিক নিজেই ফল থেকে তেল বের করে নিয়ে যেতে পারবেন। তবে এখনো এ রকম কোনো কারখানা গড়ে ওঠেনি।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মো. শাহজাদা প্রথম আলোকে বলেন, ‘আমাদের এলাকা অয়েল পামচাষের উপযোগী। চাষ করলে ভালো গাছ হচ্ছে। ফল হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে। কিন্তু এ পর্যন্ত তেল উৎপাদন হয়নি। ব্যক্তিগত উদ্যোগে অনেকে চারা লাগাচ্ছেন। তবে শুধু চাষ করলেই হবে না, যদি ফল থেকে তেল উৎপাদন করতে না পারা যায়, তাহলে লোকজন হতাশ হবেন। ক্ষতিগ্রস্ত হবেন। এ জন্য সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের যৌথভাবে এগিয়ে আসতে হবে।’