লাউয়াছড়ায় অবমুক্ত হলো কোবরা, দারাজ ও দুধরাজ
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তিন প্রজাতির ১০টি সাপ অবমুক্ত করা হয়েছে। সাপগুলো পাচারের উদ্দেশ্যে মৌলভীবাজারের একটি আবাসিক হোটেলে জড়ো করা হয়েছিল। গত বুধবার রাতে বন বিভাগের সদস্যরা পুলিশের সহায়তায় হোটেলের কয়েকটি কক্ষে তল্লাশি করে সাপগুলো জব্দ করে। অভিযানকালে হোটেল মালিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অবমুক্ত করা সাপগুলোর মধ্যে রয়েছে চারটি কোবরা, পাঁচটি দারাজ ও একটি দুধরাজ। শ্রীমঙ্গলে অবস্থিত বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ শাখার মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কয়েকজন সাপুড়ে সাপ ধরে পাচারের উদ্দেশ্যে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডের রাজিয়া আবাসিক হোটেলে জড়ো করছেন, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাপগুলো জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত তিনজনকে এবং অভিযানে বাধা দেওয়ার অভিযোগে হোটেল মালিককে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কুমিল্লার বুড়িচং উপজেলার কুরপাই গ্রামের মো. শাহীন মিয়া, সুনামগঞ্জের ছাতক উপজেলার ফকিরটিলা গ্রামের মো. সুমন মিয়া, সুনামগঞ্জের সদর উপজেলার সোনাপুর গ্রামের মো. আবদুল মতিন এবং হোটেলের মালিক মো. বাবর রহমান।বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ শাখার মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম বলেন, জেলার সংরক্ষিত ও সংলগ্ন এলাকা থেকে বন্য প্রাণী ধরে বিক্রি করার চেষ্টার অপরাধে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বন আদালতে মামলা করা হয়েছে।বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ শাখার সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাজী নুরুল করিম বলেন, গতকাল মৌলভীবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসান গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জেলে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জব্দ করা সাপগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত নির্দেশ দেন।