লাউয়াছড়ায় আটটি বন্য প্রাণী অবমুক্ত
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আজ সোমবার দুপুরে আটটি বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন জন্মাষ্টমী উপলক্ষে প্রাণীগুলোকে অবমুক্ত করেছে।জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ প্রাণীগুলো অবমুক্ত করেন। এ সময় তিনি লাউয়াছড়ার বিভিন্ন অংশে ১০টি ফলদ গাছের চারা রোপণ করেন।অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে একটি মেছোবাঘ, লজ্জাবতী বানর, বাদামি বানর, দুটি বন বিড়াল, একটি উড়ুক্কু কাঠবিড়ালী, একটি ধনেশ পাখি ও একটি কচ্ছপ। এ ছাড়া বন্য প্রাণীগুলোর খাবারের জন্য পাঁচ শতাধিক কাঁকড়া ও পাঁচ কেজি কুঁচিয়া (ইলফিস) লাউয়াছড়ার উদ্যানের পাহাড়ি খালে ছাড়া হয়েছে।বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে মেছোবাঘটি গত ৩১ জুলাই উপজেলার হাজীপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছিল। গত ২২ জুলাই উপজেলার ইছবপুর গ্রামের বাসিন্দা নিরোদ কর লজ্জাবতী বানরটি বন্য প্রাণী সেবাশ্রমে দিয়ে যান। এ ছাড়া বন বিড়াল দুটি উত্তরসূরি, উড়ুক্কু কাঠবিড়ালীটি মহাজেরাবাদ গ্রাম থেকে এবং বাদামি বানরটি মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে বিভিন্ন সময়ে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।প্রাণীগুলো অবমুক্ত করার সময় সেখানে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ শাখার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহবুবুর রহমান, সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাজী নুরুল করিম, রেঞ্জ কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।