লাওসের সঙ্গে সুদৃঢ় বন্ধুত্ব স্থাপনে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিশ্বায়ন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় লাওস ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে সুদৃঢ় বন্ধুত্ব স্থাপনে আগ্রহী।প্রধানমন্ত্রী বলেন, ‘এশিয়ার উন্নয়নশীল দেশগুলো বিশ্বায়ন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করছে। এ জন্য আমার লক্ষ্য হচ্ছে, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে লাওস ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সুদৃঢ় বন্ধুত্ব স্থাপন করা।’শেখ হাসিনা গতকাল বুধবার তাঁর সম্মানে লাওসের প্রধানমন্ত্রী থাংসিং থাম্মাভংয়ের দেওয়া এক মধ্যাহ্নভোজে ভাষণ দিচ্ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, একই সংস্কৃতি, অভিন্ন মূল্যবোধ, ঐতিহ্য ও শান্তির প্রতি অঙ্গীকার ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও লাওসের মধ্যে উষ্ণ বন্ধুত্ব বিদ্যমান রয়েছে।লাওসের প্রশংসনীয় উন্নয়ন ও অন্যান্য অগ্রগতিতে বাংলাদেশ মুগ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বায়নের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া কাছাকাছি এসেছে।’ তিনি বলেন, ‘এই দুই অঞ্চলের সংযোগ হচ্ছে বাংলাদেশ, যা পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলো ও লাওসের নিকটবর্তী। দুই দেশের এই অবস্থান জনগণের বৃহত্তর কল্যাণে নিজেদের সম্পদের সদ্ব্যবহারের সুযোগ সৃষ্টি করেছে।’প্রধানমন্ত্রী বলেন, লাওস বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল, ভুটান ও চীনের যোগাযোগ (কানেকটিভিটি) ও ৩০০ কোটি মানুষের বাজারের সম্ভাব্য সুবিধা নিতে পারে। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনার উল্লেখ করে প্রধানমন্ত্রী লাওসের উদ্যোক্তাদের এ দেশে আসার এবং এ সম্ভাবনাকে বিবেচনার আহ্বান জানান।প্রধানমন্ত্রী এএসইএএন আঞ্চলিক ফোরাম ও এএসইএমের সদস্যপদ লাভে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় জন্য লাওসকে ধন্যবাদ জানান। এদিকে প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেশে ফিরেছেন।